ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ১২ নভেম্বর, প্রধান অতিথি রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ৮ নভেম্বর ২০২৬
ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ১২ নভেম্বর, প্রধান অতিথি রাষ্ট্রপতি
রাজধানীর পুরানা পল্টনের ডিসিসি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী। ছবি: ডেইলি বাংলাদেশ

বিশ্বের আট দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীদের অংশগ্রহণে আগামী ১২ নভেম্বর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠেয় এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী ও ইসলামিক স্কলার, দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, বিশিষ্ট রাজনীতিবিদ, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করবেন।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের ডিসিসি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, এবারের সম্মেলনে বিদেশি অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন মিশরের সর্বোচ্চ পর্যায়ের ক্বারী শায়েখ আবদুন নাসের হারাক, আফগানিস্তানের প্রখ্যাত ক্বারী শায়েখ আবদুল কাবীর হায়দারী, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বোখারী, ইরানের ক্বারী শায়েখ ওয়াহীদ খাজাইয়ী, ভারতের প্রখ্যাত ক্বারী হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত ক্বারী ব্যারিস্টার যুবায়ের বারদাই। এ ছাড়া সৌদি আরব, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দের অংশগ্রহণের কথাও রয়েছে।

সম্মেলনে স্বাগতিক বাংলাদেশের প্রখ্যাত ক্বারীগণও অংশগ্রহণ করবেন। দেশি-বিদেশি এসব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীর সুমধুর ও হৃদয়স্পর্শী তিলাওয়াত উপভোগের সুযোগ পাবেন দেশের কোরআনপ্রেমী মানুষ।

মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, এবারের সম্মেলনের অন্যতম বিশেষ আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ অর্জন হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তির এমন একটি আন্তর্জাতিক কোরআনি আয়োজনে অংশগ্রহণের সম্মতি আমাদের জন্য অত্যন্ত আনন্দ, গৌরব ও অনুপ্রেরণার বিষয়। আমরা আশা করি, রাষ্ট্রপতির উপস্থিতি সম্মেলনকে আরও মর্যাদাপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত করে তুলবে।

তিনি আরও জানান, বাংলাদেশের এ আন্তর্জাতিক আয়োজন ইতোমধ্যে বিশ্বপরিমণ্ডলে বিশেষ পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় এবারের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রায় তিন ঘণ্টাব্যাপী সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোরআনচর্চা, ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচিতি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের প্রচার-প্রসার, ক্বারী, হাফেজ ও তরুণ আলেমদের প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির উদ্যোগে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিযোগীরা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সাফল্য ও পুরস্কার অর্জন করেছেন।

সম্মেলন বাস্তবায়নে সহযোগিতার জন্য মহাসচিব বাংলাদেশ সরকার, ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু এমপি, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়্যীন পরিষদ ও এর সভাপতি আনোয়ার আলদীন, দেশের বিভিন্ন গণমাধ্যম, সহযোগী প্রতিষ্ঠান, শুভাকাঙ্ক্ষী এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলন থেকে মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী দেশবাসীকে আগামী ১২ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে সপরিবারে ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!