সিসিটিভি দেখে এক ঘণ্টায় যাত্রীর হারানো ব্যাগ উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এক ঘণ্টার চেষ্টায় এক যাত্রীর হারানো ব্যাগ উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া এক প্রবাসীর প্রায় মিস হতে যাওয়া ফ্লাইট ধরার ব্যবস্থা করা, হয়রানির শিকার আরেক প্রবাসীকে ক্ষতিপূরণ দেওয়া এবং পকেট থেকে পড়ে যাওয়া স্বর্ণ চুরির ঘটনায় জড়িত যাত্রীকে শনাক্ত করার মতো কাজও করেছে বিমানবন্দরের সংশ্লিষ্ট দল।
এসব তথ্য জানিয়েছেন বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট নওশাদ খান। শনিবার (৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব বিষয় তুলে ধরেন।
পোস্টে নওশাদ খান লেখেন, প্রায় প্রতিদিনই বিভিন্ন মানুষের ছোট-বড় নানা সমস্যার সমাধান করার সুযোগ হয়। শনিবারও আন্তরিক প্রচেষ্টায় বেশ কয়েকজনের সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে। প্রায় এক ঘণ্টা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হারানো ব্যাগ উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।
তিনি জানান, অনলাইনে চেক-ইন সম্পন্ন থাকার পরও এক প্রবাসীর ফ্লাইট প্রায় মিস হতে বসেছিল। বিমানবন্দরের দল, সংশ্লিষ্ট এয়ারলাইনস ও ইমিগ্রেশনের সহযোগিতায় ওই যাত্রীর ফ্লাইট ধরার ব্যবস্থা করা হয়। এ ছাড়া হয়রানির শিকার আরেক প্রবাসীর যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়েছে।
অন্য এক প্রবাসীর পকেট থেকে পড়ে যাওয়া স্বর্ণ চুরির ঘটনায় জড়িত যাত্রীকেও শনাক্ত করা হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আরও জানান, এসব সেবামূলক কাজের পাশাপাশি শনিবার একজন নেশাগ্রস্ত গণউপদ্রবকারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অপরাধের ধরন অনুযায়ী মোট ১৮ জনকে বিভিন্ন দণ্ড দেওয়া হয়েছে।
নওশাদ খান লেখেন, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট দলের সদস্যরা প্রতিদিনই এমন অনেক ভালো কাজ করেন, যা অনেক সময় আলোচনার বাইরে থেকে যায়।
তিনি আরও বলেন, সামান্য আন্তরিক প্রচেষ্টায় অন্যের বড় উপকার করা সম্ভব। মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধান করতে পারা আনন্দ ও তৃপ্তির বিষয়। মানুষের কৃতজ্ঞতাই এসব কাজে অনুপ্রেরণা জোগায়।