ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

নয়াপল্টনে সেনাবাহিনী-পুলিশ মোতায়েন, বন্ধ সড়কে যান চলাচল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩২, ৭ নভেম্বর ২০২৬
নয়াপল্টনে সেনাবাহিনী-পুলিশ মোতায়েন, বন্ধ সড়কে যান চলাচল
সংগৃহীত ছবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

শোভাযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা যায়। সেখানে এসআরবি, পিজিআর, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং ফায়ার সার্ভিসের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এ ছাড়া সমাবেশের মঞ্চ ও আশপাশের এলাকায় ডগ স্কোয়াড মোতায়েনসহ নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। সড়কে ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের।

সমাবেশ শেষে বিকেল ৩টায় তার নেতৃত্বে শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

এর আগে শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শোভাযাত্রার বিস্তারিত রুট তুলে ধরেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি জানান, শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের প্রস্তুতি থাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!