ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে

মিরপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৯, ১ নভেম্বর ২০২৬
মিরপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
সংগৃহীত ছবি

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে মিরপুর-১, ২, ১০, ১১, ১২ ও পল্লবী এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এ ছাড়া মিরপুর-১ ও ২ নম্বর এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকার গুরুত্বপূর্ণ এ অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েন। যানবাহন না পেয়ে অনেককে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়।

এদিকে, রোববার সচিবালয়ে শ্রমিকদের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!