ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরিসহ ৯ দফা দাবি
গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি, ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি, রেশনিং ব্যবস্থা চালুসহ নয় দফা দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব দাবি তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস ফেডারেশন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ হোসেন যুবরাজ।
সভায় সংগঠনের নেতারা বলেন, বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরি দিয়ে নিজেদের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন। গত কয়েক বছরে খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা, পরিবহন, পানি ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় খাতে ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে পুষ্টিকর খাবারের মূল্যবৃদ্ধির কারণে শ্রমিক পরিবারের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে শ্রমিকদের স্বাস্থ্য, কর্মদক্ষতা ও স্বাভাবিক জীবনযাত্রায়।
সংগঠনটির উত্থাপিত নয় দফা দাবির মধ্যে রয়েছে গার্মেন্টস শ্রমিকদের জন্য সম্মানজনক মজুরি ঘোষণা, ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি, রেশনিং ব্যবস্থা চালু, প্রতিটি শিল্পাঞ্চলে শ্রমিক কলোনি, হাসপাতাল ও শ্রম আদালত নির্মাণ, কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ, প্রতিটি কারখানায় স্বাস্থ্যসম্মত ডে-কেয়ার সেন্টার বাধ্যতামূলক করা এবং মজুরি নির্ধারণে শ্রমিক সংগঠন, মালিকপক্ষ, সরকার ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণে স্বচ্ছ ও তথ্যভিত্তিক আলোচনা নিশ্চিত করা।
সভায় নেতারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে মজুরি ইস্যুকে কেন্দ্র করে শিল্পকারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা প্রতিহত করার দাবি জানান তাঁরা। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনারও আহ্বান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি লুৎফুন্নাহার লতা, একই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও তৃণমূল গার্মেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম আহমেদ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিন্দু, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফেরদৌসী বেগম এবং কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ভূঁইয়া।
এ ছাড়া এপেক্স ট্রেড ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুল আলম সরকার, জয়নাল আবেদীন, আলম সরকার, খাইরুল ইসলাম, আমজাদ হোসেন, রফিক দেওয়ানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।