ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাবনার ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

ফরিদপুর( পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ২১ নভেম্বর ২০২৬
পাবনার ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
ছবি- প্রতিকী

পাবনার ফরিদপুর উপজেলায় নিজ ঘর থেকে মিষ্টি খাতুন রিয়া (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফরিদপুর থানা  পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে দিকে উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিষ্টি খাতুন রিয়া ওই গ্রামের রেজাউল করিমের মেয়ে এবং প্রবাসী রিপনের স্ত্রী।

স্থানীয়রা জানান , শনিবার সকালে মিষ্টি ঘুম থেকে উঠতে দেরি করায় তারা তাকে ডাকাডাকি করেন। পরে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে  রিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন   হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রোববার ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!