ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
পাগলা মসজিদে মানত করে শাশুড়ি-শ্যালকদের বিচার চাইলেন দুলাভাই
শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ঐতিহাসিক পাগলা মসজিদে দান করে আল্লাহর কাছে বিচার চেয়েছেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, ২০ মাস বয়সী শিশুসন্তানকে নির্যাতন, স্ত্রীর মোবাইল ব্যাংকিং হিসাব থেকে টাকা সরিয়ে নেওয়া, স্বর্ণালংকার আত্মসাৎ এবং ব্যবসার নামে অর্থ নিয়ে ক্ষতিগ্রস্ত করার ঘটনায় তিনি প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকা হারিয়েছেন।
এসব ঘটনার বিচার ও হারানো সম্পদ ফিরে পাওয়ার আকুতি জানিয়ে পাগলা মসজিদে দান করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন তিনি। আবেদনে ওই ব্যক্তি লিখেছেন, দুনিয়ায় ন্যায়বিচার না পেলে তিনি মহান আল্লাহর কাছে বিচার চান। তাঁর ভাষায়, ‘আমি অত্যন্ত অসহায়। তাই আপনারই দরবারে আমার ফরিয়াদ পেশ করছি।’
ওই ব্যক্তির আবেদনে বলা হয়, তাঁর স্ত্রী বাবার বাড়িতে অবস্থানকালে ২০ মাস বয়সী সন্তানকে একা রেখে রান্নাঘরে নাস্তা তৈরি করতে যান। এ সময় তাঁর শ্যালক শিশুটির গলা চেপে ধরে ঝুলিয়ে বিছানায় ছুড়ে ফেলেন। এতে শিশুটি গুরুতর আহত হয় বলে অভিযোগ করেন তিনি। পরে শিশুটির গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে স্ত্রীর মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগও করেন।
তাঁর দাবি, ওই মোবাইল ফোন ব্যবহার করে স্ত্রীর ছোট বোনের সহযোগিতায় অন্য একটি ফোনে মোবাইল ব্যাংকিং অ্যাপ চালু করা হয়। পরে বিভিন্ন লেনদেনের মাধ্যমে স্ত্রীর হিসাব থেকে ৩ লাখ ৫৬ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়। ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে আবেদনে উল্লেখ করেন।
এ ঘটনায় গত ১২ জুন থানায় লিখিত অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, অভিযোগের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের নির্দেশে অভিযুক্তকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি। পরে ১৩ জুন কিশোরগঞ্জ পুলিশ ফাঁড়িতে অনুষ্ঠিত বৈঠকে ১৩ আগস্ট ২০২৬ সালের মধ্যে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত পেয়েছেন কি না, তা আবেদনে উল্লেখ করেননি তিনি।
স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগও তুলেছেন ওই ব্যক্তি। আবেদনে তিনি জানান, ২০২৫ সালে ঈদুল আজহার সময় নিরাপত্তার জন্য স্ত্রীর প্রায় তিন ভরি আট আনা স্বর্ণালংকার শ্বশুরের কাছে রাখা হয়েছিল। পরে ফেরত চাইলে সেগুলো চুরি হয়ে গেছে বলে জানানো হয়। তবে একই স্থানে রাখা পরিবারের অন্য সদস্যদের গহনা অক্ষত ছিল বলে দাবি তাঁর।
পরবর্তী সময়ে খোঁজ নিয়ে তাঁর অভিযোগ, এক নারীর মাধ্যমে আগার বাজার ফায়ার সার্ভিসের বিপরীত পাশে এসব স্বর্ণালংকার বিক্রি করা হয়েছে। বর্তমান বাজারমূল্যে স্বর্ণালংকারগুলোর আনুমানিক দাম ৮ লাখ ৭৫ হাজার টাকা বলে দাবি করেন তিনি।
শ্যালককে স্বাবলম্বী করতে ব্যবসা প্রতিষ্ঠা করে দেওয়ার কথাও আবেদনে উল্লেখ করেন ওই ব্যক্তি। তাঁর ভাষ্য, ২০২২ সালে নির্মাণসামগ্রীর ব্যবসা গড়ে দিতে দোকান নির্মাণ, সম্প্রসারণ ও টিন পরিবর্তনসহ বিভিন্ন কাজে প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয় করেন। এ ছাড়া প্রায় ৬০০ বস্তা সিমেন্ট, ১ হাজার লিটার নির্মাণকেমিক্যালসহ বিভিন্ন মালামাল কেনার জন্য ৫ লাখ টাকা এবং মোটরসাইকেল কেনার জন্য আরও ৫০ হাজার টাকা দেন।
তাঁর অভিযোগ, পরবর্তী সময়ে শ্যালক অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ব্যবসাটি ধ্বংস করে দেন। এরপর থেকে তাঁর সঙ্গে আর কোনো আর্থিক বা ব্যক্তিগত যোগাযোগ রাখেননি।
আবেদনে নিজের আর্থিক ক্ষতির হিসাব তুলে ধরে তিনি জানান, মোবাইল ব্যাংকিং হিসাব থেকে সরানো ৩ লাখ ৫৬ হাজার টাকা, স্বর্ণালংকারের মূল্য ৮ লাখ ৭৫ হাজার টাকা, দোকান নির্মাণ ও সম্প্রসারণে ১ লাখ ৪৪ হাজার টাকা, নির্মাণসামগ্রী বাবদ ৫ লাখ টাকা এবং মোটরসাইকেলের জন্য দেওয়া ৫০ হাজার টাকা মিলিয়ে তাঁর দাবি করা ক্ষতির পরিমাণ ১৯ লাখ ২৫ হাজার টাকা।
নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে তিনি জানান, ১৯৯৬ সালে বাবাকে এবং ২০২২ সালে মাকে হারিয়েছেন। বর্তমানে তাঁর কোনো অভিভাবক নেই। কষ্টার্জিত সম্পদ হারিয়ে তিনি নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন।
আবেদনে তিনি আরও লেখেন, কারও প্রতি অন্যায় বিচার চান না। তাঁর ভাষায়, ‘আমি শুধু সত্যের বিচার চাই। যদি আমার অভিযোগ সত্য হয়ে থাকে, তবে আপনি আপনার ন্যায়বিচার অনুযায়ী ফয়সালা করুন।’
শিশুসন্তানের নিরাপত্তা, পরিবারের শান্তি এবং হারানো সম্পদ ফিরে পাওয়ার আকুতি জানিয়ে পাগলা মসজিদে দান করে আল্লাহর কাছে বিচার চেয়েছেন ওই ব্যক্তি।