ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামের অলিগলিও উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৩, ২১ নভেম্বর ২০২৬
চট্টগ্রামের অলিগলিও উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে ৪১টি ওয়ার্ডের প্রতিটি ছোট-বড় অলিগলি পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। নগরীর কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চসিকের অর্থায়নে নির্মিত পাঁচটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক নির্মাণ ও সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। বর্ষা মৌসুম শেষ হওয়ায় আগামী পাঁচ থেকে ছয় মাস, অর্থাৎ শীত ও বসন্তজুড়ে বিভিন্ন এলাকায় সড়ক সংস্কারের কাজ চলবে। প্রতিটি ওয়ার্ডের অলিগলি চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।

উদ্বোধন করা পাঁচটি সড়ক হলো ডি.সি. রোডের ফজলুর রহমান পাড়া (জালিয়াপাড়া) সড়ক, চাঁন্দমিয়া মুন্সি লেইনের আমীর হোসেন সড়ক ও আবেদীন সওদাগর সড়ক, মদিনা আবাসিক এলাকার আমিরুন্নেছা সড়ক এবং সবুজবাগ আবাসিক এলাকার মনোআরা ভবনসংলগ্ন সড়ক।

চসিক প্রশাসক জানান, গত দুই বছরে নগরীতে সড়ক, অবকাঠামো, নালা ও ড্রেন সংস্কারসহ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নকাজ চলমান রয়েছে। কোনো কোনো ওয়ার্ডে ১২৫ থেকে ১৫০ কোটি টাকা এবং কোনো কোনো ওয়ার্ডে ২২৫ থেকে ২৫০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডেও প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার উন্নয়নকাজ করা হয়েছে।

তিনি বলেন, নগরীর অনেক অলিগলি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। এসব সড়ক সংস্কার ও উন্নয়নের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। শুধু প্রধান সড়ক নয়, প্রতিটি ওয়ার্ডের অভ্যন্তরীণ সড়কেও উন্নয়নের সুফল পৌঁছে দিতে কাজ করছে সিটি করপোরেশন।

উন্নয়নকাজের মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সড়ক নির্মাণ ও সংস্কারে উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে হবে। কাজের গুণগত মান বজায় রাখতে এলাকাবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রশাসক বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন ফেলা থেকে বিরত থাকতে হবে। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন বদ্ধপরিকর। নাগরিকদের প্রত্যাশা পূরণে ৪১টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও শাফকাত আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম/এমকে
ট্যাগ: Chittagong
লিংক সফলভাবে কপি হয়েছে!