ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

লক্ষ্যমাত্রার বেশি আমন ধান কেনার আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ২১ নভেম্বর ২০২৬
লক্ষ্যমাত্রার বেশি আমন ধান কেনার আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর
খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী (এমপি)। ছবি: ডেইলি বাংলাদেশ

কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে জয়পুরহাটের কালাইয়ে ২০২৬-২৭ মৌসুমের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সময় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান কেনার আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালাই উপজেলা খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, গত ১৪ নভেম্বর থেকে সারা দেশে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এবার প্রতি কেজি ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, যা গত বছরের তুলনায় এক টাকা বেশি। কৃষকেরা যাতে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যেই সরকার এ উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, কালাই উপজেলায় প্রায় ৭০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এ লক্ষ্যমাত্রা পূরণের পরও কৃষকেরা ধান নিয়ে এলে তা কেনা হবে। বাজারে ধানের দাম তুলনামূলক কম থাকায় কৃষকদের সরকারি খাদ্যগুদামে ধান বিক্রির আহ্বান জানান তিনি।

ধান সংগ্রহ কার্যক্রম স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট কমিটি ও উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে তদারকি করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতি সচল রাখা, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ভাতা, খাল খনন, বৃক্ষরোপণ ও গ্রামীণ সড়ক উন্নয়নসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

ধান সংগ্রহে কৃষকদের হয়রানি বন্ধের বিষয়ে তিনি বলেন, অতীতে যেসব সমস্যা ছিল, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ইরি মৌসুমে পাঁচ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ধান কেনা হয়েছে। এবার সারা দেশে তিন লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষকেরা ধান নিয়ে এলে তা সংগ্রহ করা হবে।

খাদ্যগুদামে ধান দিতে কৃষকদের হয়রানির পেছনে সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কোনো চক্র নেই। প্রতিটি সংগ্রহকেন্দ্রে ট্যাগ অফিসার রয়েছেন। কোনো সমস্যা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক কিংবা তাকে সরাসরি জানানোর জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি। সরকারি ধান সংগ্রহ কার্যক্রম কোনো চক্রের কাছে জিম্মি হতে দেওয়া হবে না বলেও জানান প্রতিমন্ত্রী।

খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখার অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে জয়পুরহাট জেলায় মোট ৩ হাজার ৯০৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৯৪৩, পাঁচবিবিতে ১ হাজার ৯২, আক্কেলপুরে ৬০৯, কালাইয়ে ৬৬৩ এবং ক্ষেতলালে ৬০৯ মেট্রিক টন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ, সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবু তাহের, ক্ষেতলাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামীমা আক্তার, কালাই উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব রায়হান চঞ্চল, মোলামগাড়ী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক এবং কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা, উপজেলা ও জেলা পর্যায়ের মিল মালিক সমিতির প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/জয়পুরহাট/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!