ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
লালমোহনের মোতাহার নগর ইউপিতে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর
ভোলার লালমোহন উপজেলার ১০ নম্বর মোতাহার নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. রাসেল বাচ্চু মাতাব্বর। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে স্থানীয় মানুষের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।
রাসেল বাচ্চু মাতাব্বর বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা কাছ থেকে দেখেছেন। জনগণের সেবা এবং এলাকার উন্নয়নের লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান।
চেয়ারম্যান নির্বাচিত হলে নিজের পরিকল্পনার বিষয়ে বাচ্চু মাতাব্বর বলেন, ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেব। খেলাধুলার প্রসারের পাশাপাশি বাঙালি সংস্কৃতির চর্চা বাড়িয়ে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে কাজ করব। তিনি আরও বলেন, মোতাহার ইউনিয়নের মানুষের পাশে থেকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই।
প্রসঙ্গত, ১০টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত ভোলার লালমোহন উপজেলা। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ধাপে লালমোহন উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের নির্বাচনের তালিকায় রয়েছে লালমোহন, ফরাজগঞ্জ, বদরপুর, পশ্চিম চরউমেদ, মোতাহার নগর ও চরভূতা ইউনিয়ন পরিষদ।
এদিকে, নির্বাচনকে ঘিরে উপজেলার সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে প্রথম ধাপে নির্বাচনের অপেক্ষায় থাকা সাতটি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। নির্বাচন সামনে রেখে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও বাড়ছে তৎপরতা।