ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

১৬৫ বছরের গাণিতিক রহস্য সমাধানের দাবি, সহায়তায় এআই

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৪, ২১ নভেম্বর ২০২৬
১৬৫ বছরের গাণিতিক রহস্য সমাধানের দাবি, সহায়তায় এআই
ছবি: রয়টার্স

১৬৫ বছর ধরে অমীমাংসিত একটি গাণিতিক সমস্যার সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ত আলপোগে। তাঁর দাবি, প্রতিষ্ঠানটির তৈরি এআই মডেল ক্লডের সহায়তায় তিনি রিম্যান হাইপোথিসিসের প্রমাণ বের করেছেন।

তবে প্রমাণটি এখনো বিশেষজ্ঞদের যাচাইয়ের মধ্যে রয়েছে। আনুষ্ঠানিকভাবে এর স্বীকৃতিও মেলেনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করেন আলপোগে। তিনি জানান, ক্লডের সঙ্গে কাজ করেই রিম্যান হাইপোথিসিসের প্রমাণের দিকে এগিয়েছেন।

আলপোগের ভাষ্য অনুযায়ী, শুরুতে তিনি এআই মডেলটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছিলেন। তবে কাজের শেষ পর্যায়ে ক্লড তাঁর প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি দেখিয়েছে। কয়েক মাস ধরে বিভিন্ন বিষয়ে ক্লডের সঙ্গে কাজ করেছেন তিনি। এবার শেষ পর্যায়ে এআই মডেলটির সক্ষমতা তাঁকে বিস্মিত করেছে।

রিম্যান হাইপোথিসিস কী?

১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান এই গাণিতিক অনুমান সামনে আনেন। এটি মূলত মৌলিক সংখ্যার বিন্যাস ও বণ্টনের সঙ্গে সম্পর্কিত। মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা, যেগুলো শুধু ১ এবং ওই সংখ্যা নিজে দিয়ে নিঃশেষে বিভাজ্য। যেমন—২, ৩, ৫, ৭ ও ১১।

সংখ্যারেখায় মৌলিক সংখ্যাগুলোর অবস্থান আপাতদৃষ্টিতে অনিয়মিত মনে হলেও এর পেছনে একটি নির্দিষ্ট গাণিতিক কাঠামো রয়েছে। রিম্যান হাইপোথিসিসে সেই কাঠামোর সঙ্গে ‘রিম্যান জিটা ফাংশন’-এর শূন্যস্থানগুলোর সম্পর্ক তুলে ধরা হয়েছে।

এই অনুমান প্রমাণিত হলে মৌলিক সংখ্যার বণ্টন সম্পর্কে গণিতবিদদের ধারণা আরও স্পষ্ট হবে। সংখ্যাতত্ত্বসহ গণিতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।

রিম্যান হাইপোথিসিস ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটের নির্ধারিত সাতটি ‘মিলেনিয়াম প্রাইজ প্রবলেম’-এর একটি। প্রতিটি সমস্যার গ্রহণযোগ্য সমাধানের জন্য ১০ লাখ ডলার পুরস্কার নির্ধারিত রয়েছে। সাতটি সমস্যার মধ্যে এখন পর্যন্ত শুধু পয়েনকারে কনজেকচার আনুষ্ঠানিকভাবে সমাধান হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ক্লডের দেওয়া প্রমাণ কতটা নির্ভরযোগ্য?

আলপোগে তাঁর প্রমাণটি ‘লিন’ (Lean) নামের একটি প্রোগ্রামিং ভাষায় লিখেছেন। গাণিতিক যুক্তির বিভিন্ন ধাপ কম্পিউটারের মাধ্যমে যাচাই করতে এই ভাষা ব্যবহার করা হয়।

এমআইটির গণিতবিদ অ্যান্ড্রু সাদারল্যান্ডসহ কয়েকজন স্বাধীন গবেষক লিন ব্যবহার করে প্রমাণটি কম্পাইল করেছেন। প্রাথমিক পরীক্ষায় তাঁরা কোনো ত্রুটি পাননি।

তবে প্রমাণটি কম্পাইল হওয়া মানেই গাণিতিক দাবিটি সঠিক প্রমাণিত হওয়া নয়। কোডের মাধ্যমে মূল অনুমানের অর্থ পরিবর্তিত হয়েছে কি না, কিংবা কোনো অনিচ্ছাকৃত শর্টকাট ব্যবহার করা হয়েছে কি না, তা বিশেষজ্ঞদের যাচাই করতে হবে। অর্থাৎ, প্রমাণটি আসলেই রিম্যান হাইপোথিসিস প্রতিষ্ঠা করছে কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

এখন পর্যন্ত ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটও এই সমাধানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

গণিত গবেষণায় এআইয়ের নতুন সম্ভাবনা

সাম্প্রতিক বছরগুলোতে জটিল গাণিতিক সমস্যা সমাধানে এআই মডেলের সক্ষমতা বেড়েছে। ২০২৩ সালে সাধারণ চার অঙ্কের যোগের মতো কাজেও এসব মডেলের সীমাবদ্ধতা ছিল। পরবর্তী সময়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতায় স্বর্ণপদক পাওয়ার মতো পারফরম্যান্স দেখিয়েছে এআই মডেলগুলো।

চলতি বছর উন্মুক্ত গাণিতিক সমস্যার সমাধানেও এআইয়ের অগ্রগতি দেখা গেছে। এর আগে ওপেনএআইয়ের একটি মডেল নাভিয়ের-স্টোকস সমস্যার ক্ষেত্রেও অগ্রগতির দাবি করেছিল।

রিম্যান হাইপোথিসিসের ক্ষেত্রে আলপোগের দাবি সত্য প্রমাণিত হলে গণিত গবেষণায় এআইয়ের ভূমিকা নিয়ে নতুন আলোচনা তৈরি হবে। তবে বিশেষজ্ঞদের পূর্ণাঙ্গ যাচাই ও আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়া পর্যন্ত একে ১৬৫ বছরের পুরোনো রহস্যের চূড়ান্ত সমাধান বলা যাচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!