ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল বন্ধ, তথ্য রাখবেন যেভাবে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:০৩, ১৯ নভেম্বর ২০২৬
ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল বন্ধ, তথ্য রাখবেন যেভাবে
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক প্রোফাইল ব্যবহারের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বরের পর ব্যবহারকারীদের অতিরিক্ত ফেসবুক প্রোফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে। তবে এতে ব্যবহারকারীর মূল প্রোফাইলের কোনো প্রভাব পড়বে না।

মেটার নির্দেশনা অনুযায়ী, ব্যবহারকারীরা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। কোনো অতিরিক্ত প্রোফাইল দিয়ে গ্রুপ পরিচালনা করা হলে, সেই গ্রুপের অ্যাডমিনের দায়িত্ব মূল প্রোফাইলে হস্তান্তর করতে হবে।

এ ছাড়া অতিরিক্ত প্রোফাইলের সঙ্গে যুক্ত বন্ধুদের মূল প্রোফাইলে যুক্ত করার সুযোগ থাকবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নতুন করে বন্ধু হিসেবে যুক্ত হওয়া, গ্রুপে যোগ দেওয়া কিংবা পেজ অনুসরণ করতে হবে।

অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করবেন যেভাবে

আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করা যাবে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত প্রোফাইল এবং এর সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে।

অতিরিক্ত প্রোফাইল থেকে সংগৃহীত কিছু তথ্য, বিশেষ করে বিজ্ঞাপন-সংক্রান্ত তথ্য, পেতে হলে মূল প্রোফাইলের ফেসবুক তথ্য ডাউনলোড করতে হতে পারে।

অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে—

1. যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করতে চান, সেটিতে প্রবেশ করুন।

2. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস’ নির্বাচন করুন।

3. ‘ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন্স’ বিভাগে গিয়ে ‘এক্সপোর্ট ইওর ইনফরমেশন’ নির্বাচন করুন।

4. এরপর ‘ক্রিয়েট এক্সপোর্ট’ অপশনে ক্লিক করুন।

5. যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করতে চান, সেটি নির্বাচন করুন।

6. তথ্য ডিভাইসে ডাউনলোড করবেন, নাকি কোনো বাহ্যিক সেবায় পাঠাবেন, তা নির্ধারণ করুন।

7. প্রয়োজনীয় তথ্য নির্বাচন করে ‘ক্রিয়েট এক্সপোর্ট’ অপশনে ক্লিক করুন।

মেটার নির্দেশনা অনুযায়ী, তথ্য ডাউনলোডের জন্য প্রস্তুত হতে কিছুটা সময় লাগতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংরক্ষণ করতে ১৪ ডিসেম্বরের আগেই ডাউনলোডের অনুরোধ করতে হবে। একাধিক অতিরিক্ত প্রোফাইল থাকলে প্রতিটির তথ্য আলাদাভাবে ডাউনলোড করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!