ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
কাদের মোল্লার রায় ‘লজ্জার’ মন্তব্য প্রধান বিচারপতির
মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
তিনি বলেছেন, বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেওয়া হয়েছিল, তা লজ্জার। এ ধরনের ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও উল্লেখ করেন তিনি।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানিতে এসব মন্তব্য করেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগে প্রশ্ন ওঠে, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।
২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিন ব্যক্তিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন।
ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন দণ্ডপ্রাপ্ত তিনজন। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
এর আগে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নকলার চারজনের বিরুদ্ধে তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আপিল শুনানিতে বলা হয়, আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে আনা অপরাধ সংঘটনের সময় তার বয়স ছিল মাত্র ১৩ বছর। ওই বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিয়েই প্রশ্ন তোলেন আপিল বিভাগের বিচারপতিরা।