ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল ফিচার বন্ধ করছে মেটা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:২২, ১৬ নভেম্বর ২০২৬
ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল ফিচার বন্ধ করছে মেটা
ছবি: সংগৃহীত

ফেসবুকের বহুল ব্যবহৃত ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল ফিচার স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা। প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ‘ব্যাংকক পোস্ট’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেটার ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ১৪ ডিসেম্বর থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে। এর ফলে একটি মূল ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি করা অতিরিক্ত বা সাব-প্রোফাইলগুলো আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল বা প্রাইমারি প্রোফাইল আগের মতোই সচল থাকবে।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেই একাধিক আলাদা প্রোফাইল তৈরির সুবিধা চালু করেছিল মেটা। ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্রের যোগাযোগ কিংবা বিভিন্ন পেশাগত ও ব্যক্তিগত গ্রুপে আলাদা পরিচয়ে অংশ নেওয়ার সুযোগ দিতে ফিচারটি চালু করা হয়েছিল। এর ফলে আলাদা ইমেইল ঠিকানা বা নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হতো না। তবে চালুর কয়েক বছরের মধ্যেই ফিচারটি বন্ধের সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটি।

ডেটা সংরক্ষণের শেষ সময় ১৪ ডিসেম্বর

মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, পোস্ট, ভিডিওসহ অন্যান্য তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। এ সময়ের মধ্যে তাঁরা নিজেদের তথ্য ডাউনলোড বা এক্সপোর্ট করে রাখতে পারবেন। নির্ধারিত সময়সীমা পার হলে সংশ্লিষ্ট অতিরিক্ত প্রোফাইলের তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে বলে জানানো হয়েছে।

গ্রুপ অ্যাডমিনদের জন্য সতর্কতা

অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করে যাঁরা বিভিন্ন ফেসবুক গ্রুপ পরিচালনা বা মডারেট করছেন, তাঁদের জন্য বিশেষ সতর্কতা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির পরামর্শ, গ্রুপের কার্যক্রম সচল রাখতে দ্রুত মূল প্রোফাইলে অ্যাডমিনের দায়িত্ব হস্তান্তর করতে হবে।

অন্যথায় কোনো গ্রুপে মূল প্রোফাইলের অধীনে অ্যাডমিন না থাকলে নতুন অ্যাডমিন নিয়োগ না দেওয়া পর্যন্ত সেটি সাময়িকভাবে স্থগিত বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।

যেভাবে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করবেন

অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করতে মেটার নির্দেশনা অনুযায়ী কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

1. প্রথমে ফেসবুক অ্যাপ বা ব্রাউজার থেকে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করতে চান, সেটিতে প্রবেশ করুন।

2. এরপর ‘Settings & privacy’ থেকে ‘Settings’ অপশনে যান।

3. সেখান থেকে ‘Your information and permissions’ বিভাগে গিয়ে ‘Export your information’ নির্বাচন করুন।

4. এরপর ‘Creator Export’ অপশনে ক্লিক করে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করুন। তথ্য নিজের ডিভাইস বা ক্লাউড ড্রাইভে সংরক্ষণের মাধ্যম বেছে নিন।

5. সবশেষে কোন ধরনের তথ্য সংরক্ষণ করতে চান, তা নির্বাচন করে ‘Create Export’ অপশনে ক্লিক করুন।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যাকআপ না নিলে অতিরিক্ত প্রোফাইলে থাকা গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও, পোস্ট ও অন্যান্য কনটেন্ট হারিয়ে যেতে পারে। তাই সময়সীমা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!