বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন সহজ করছে জার্মানি
জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হবে ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’।
নতুন এ পোর্টালের মাধ্যমে অনলাইনে ভিসার আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং আবেদনের অগ্রগতি জানার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। তবে ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় অনেককে। এ পরিস্থিতিতে আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে নতুন উদ্যোগ নিয়েছে জার্মান দূতাবাস।
নতুন পোর্টালের মাধ্যমে জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করা যাবে। জমা দেওয়া কাগজপত্র ভিএফএসের মাধ্যমে প্রাথমিকভাবে যাচাইয়ের ব্যবস্থাও থাকবে।
পরবর্তী সময়ে নির্ধারিত দিনে আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে।
এ ছাড়া পোর্টালে লগইন করে আবেদনের সর্বশেষ অবস্থা জানার সুযোগ থাকবে। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুবিধাও রাখা হয়েছে।
জার্মান দূতাবাসের আশা, নতুন ডিজিটাল ব্যবস্থার ফলে আবেদন যাচাইয়ের সময় কমবে এবং ভিসা কার্যক্রম আরও গতিশীল হবে। তবে আবেদনকারীর ধরন ও পরিস্থিতি অনুযায়ী ভিসা প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।
নতুন পোর্টাল চালুর ফলে আগের ব্যবস্থায় ভিসার অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে। এ জন্য পুরোনো ব্যবস্থায় নিবন্ধিত শিক্ষার্থীদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।
দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য বিষয়টি সাময়িক ভোগান্তির কারণ হতে পারে। তবে নতুন ব্যবস্থায় আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে এবং অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষার সময় কমবে বলে আশা করছে দূতাবাস।
আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে জার্মানিতে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন ডিজিটাল পোর্টালে নিবন্ধন করে আবেদন করতে পারবেন।