ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]
এইচএসসি পরীক্ষা

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষায় আগ্রহ কম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:১৬, ১৫ নভেম্বর ২০২৬
এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষায় আগ্রহ কম
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলেও তাতে প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। ১০টি শিক্ষা বোর্ডের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত আবেদন করেছেন ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন।

অথচ এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫। সে হিসাবে সুযোগ পেয়েও ২ লাখ ৬৪ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেননি।

শনিবার (১৪ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে একটি বোর্ডের আবেদনসংক্রান্ত হিসাব এখনো পাওয়া যায়নি। দ্রুত তথ্য পাঠাতে সংশ্লিষ্ট বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বছর ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তাঁদের মধ্যে এক বিষয়ে অনুত্তীর্ণ ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।

গত ৩১ অক্টোবর ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশেষ পরীক্ষার ঘোষণা দেন। পরে ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলে নিবন্ধন কার্যক্রম।

যশোর বোর্ডে আবেদন ৩৯ হাজারের বেশি

খুলনা বিভাগের ১০ জেলার ৩৯ হাজার ২২৭ জন পরীক্ষার্থী যশোর শিক্ষা বোর্ডের অধীনে বিশেষ পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছেন। এ বোর্ডে এবার ১ লাখ ১২ হাজার ৭৯১ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৬৬৮ জন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানান, পরীক্ষার প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি উপজেলায় পরীক্ষাকেন্দ্র থাকবে। প্রতি ৩০০ থেকে ৫০০ পরীক্ষার্থীর জন্য একটি কেন্দ্র নির্ধারণ করা হচ্ছে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে।

আবেদন কম হওয়ার কারণ

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর মতে, দীর্ঘ শিক্ষাজীবনে ব্যর্থতার অভিজ্ঞতা অনেক শিক্ষার্থীকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। আবারও অকৃতকার্য হওয়ার ভয়েও অনেকে পরীক্ষায় বসতে চাইছেন না। ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) মতো বিষয়ে দুর্বলতা এবং স্বল্প সময়ে প্রস্তুতি নেওয়ার অনিশ্চয়তাও এর পেছনে ভূমিকা রাখছে। কেউ কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা বিকল্প পেশার দিকেও ঝুঁকছেন।

শিক্ষাবিদদের মতে, ফল বিপর্যয়ের পর পর্যাপ্ত মানসিক পরামর্শ ও বিষয়ভিত্তিক সহায়তা না পাওয়ায় শিক্ষার্থীদের সংকট আরও বেড়েছে। এ পরিস্থিতিতে বিশেষ ক্লাস, অনলাইন পাঠদান ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা জরুরি। অন্যথায় শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কা বাড়বে।

২ ডিসেম্বর শুরু বিশেষ পরীক্ষা

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে বিশেষ পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৭ ডিসেম্বর। এ সময়ের মধ্যে বাংলা, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, অর্থনীতি ও আরবিসহ বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ করতে হবে।

বিশেষ এ উদ্যোগের ফলে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না। পরীক্ষায় উত্তীর্ণ হলে তাঁরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ফল পুনর্নিরীক্ষণে পরিবর্তন আসা শিক্ষার্থীরাও এ সুবিধা পাবেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিশেষ পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!