ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে টুপি তৈরী করে মহিলারা আজ সাবলম্বী

গাজী শাহাদত হোসেন ফিরোজী
প্রকাশিত: ১১:৩২, ১৫ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে টুপি তৈরী করে মহিলারা আজ সাবলম্বী
টুপি তৈরিতে ব্যস্ত গ্রামের নারীরা।। ছবি: ডেইলি বাংলাদেশ

চলছে শীতকাল। আর এই শীতের সকালে রোদে বসে হাত দিয়ে সুই, সুতার দ্বারা টুপি বুনছেন গ্রামের নারীরা। এমন দৃশ্যের দেখা মেলে সিরাজগঞ্জ জেলার কাজীপুর ও উল্লাপড়া উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লায়।

কাজিপুরের চালিতাডাঙ্গা, চর ভানুডাঙ্গা অপরদিকে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুরি, পুরান ভেড়া, তেলকুপি গ্রামের স্কুলপড়ুয়া মেয়ে, মধ্যবয়সি নারী, বৃদ্ধ নারী সবাই বসে সকালের রোদ পোহাচ্ছেন। আর সুই, সুতার দ্বারা তৈরি করছেন বিভিন্ন ধরনের বাহারি নকশার টুপি।

কাজিপুরের চর ভানুডাঙ্গার টুপি তৈরির কারিগর মিতু আক্তার বলেন, '১০/১২ বছর ধরে এই কাজ করি। অভাবের সংসারে নিজের এবং বাচ্চাদের কাপড় চোপর থেকে শুরু করে তাদের হাত খরচ, কাঁচা বাজারের খরচ মেটাই এই টুপি বিক্রির টাকা দিয়ে।' একই গ্রামের আছমা খাতুন বলেন, 'আমি বাড়িতে গরু ছাগল পালন করি, গৃহকর্মের কাজ শেষ করে টুপি তৈরির কাজ করি। এর থেকে যা পাই, তাতে সংসারের অনেকটাই খরচ মিটে যায়।'

৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাইমা বলেন, 'আমি লেখাপড়ার পাশাপাশি টুপি তৈরির কাজ শিখেছি মা-চাচিদের কাছে। এখন নিজেই টুপি তৈরি করছি। এর থেকে যেটুকু অর্থ আসে, তাতে আমার লেখাপড়ার ব্যয় বহন হয় ও আমাদের  নিজের সব প্রয়োজন মিটে যায়।'

উল্লাপাড়ার নাইমুরি ও পুরান ভেড়া গ্রামের গৃহবধূ আয়েশা খাতুন ও শাহনাজ পারভীন জানান, এখানে কাজ করে আমরা প্রতি মাসে ৫- ৬ হাজার টাকা রোজগার করি। যা দিয়ে ছেলে মেয়ে পড়াশোনা সহ সংসারের অন্যান্য চাহিদা পূরণ করে থাকি।

টুপি কারখানার মালিকরা জানান, 'মূলত বগুড়া থেকে পাইকাররা এসে কাজীপুর, উল্লাপাড়া থেকে টুপিগুলো কিনে নিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন। বর্তমানে তৈরিকৃত টুপিগুলোর মধ্যে চান্দাফুল ৫০-৫৫ টাকা, ঢেওফুল ৪৫-৫০ টাকা, মেহেদিপাতা ১১০-১২০ টাকা, করলার চাক ১২০-১২৫ টাকা, মাকরসা ৬৫-৭০ টাকা। টুপি তৈরি করে প্রতি জনের মাসিক আয় হয় কাজভেদে ১ হাজার থেকে ৪ হাজার টাকার বেশি। কিন্তু সুতার দাম বেশি হওয়ায় আমাদের কিছুটা সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে চিকন সুতার দাম ৭০-৮০ টাকা, মোটা সুতার দাম ৮০-৮৫ টাকা। চিকন সুতার দ্বারা টুপি তৈরি হয় সবচেয়ে বেশি।' তারা আরও জানান, সিরাজগঞ্জের তৈরিকৃত টুপির মান অনেক ভালো। তাই সারা দেশব্যাপী এর চাহিদা রয়েছে।

কাজিপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল বলেন, এখানকার টুপি তৈরীর কারখানায় নারী ও পুরুষ মিলে বেশ কিছু লোকের কর্মসংস্থান হয়েছে। তিনি আরও জানান, এখানকার বেশীর ভাগ কারখানার টুপি পাইকারী কিনে দেশের বিভিন্ন এলাকার মোকাম বাজারে বিক্রি করেন।

উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নিলুফা ইয়াসমিন বলেন, টুপি তৈরী করে এই এলাকার অনেক মহিলারা আজ সাবলম্বী হয়ে উঠেছে। ব্যবসা প্রসার ঘটানোর ব্যবসায়ীরা ঋণ চাইলে আমরা সহজ শর্তে তাদেরকে ঋণ প্রদানের ব্যবস্থা করবো।

কাজীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা জানান, উপজেলার বিভিন্ন গ্রামে নারীদের টুপি তৈরির ব্যাপারে খোঁজখবর রাখা হচ্ছে। তাদের আর্থিকভাবে লাভবান করার জন্য টুপি তৈরির প্রশিক্ষণ প্রদানসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করা হয়েছে। ব্যবস্থাগ্রহণ করা হলে অনেক অসচ্ছল নারী টুপি তৈরি করে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবেন-এ আশাবাদও ব্যক্ত করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!