একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা
কিশোরগঞ্জে একই জমি দুজনের কাছে বিক্রির অভিযোগ উঠেছে সৈয়দ মাহবুবুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে ক্রেতা আবুল কালাম ও মো. মানিক মিয়ার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। আবুল কালামের অভিযোগ, মানিক মিয়া দলবল নিয়ে জোরপূর্বক ফিসারি ও মুরগির খামার দখলের চেষ্টা করছেন।
ঘটনাটি ঘটেছে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের নামাপাড়া এলাকায়।
এ ঘটনায় ভুক্তভোগী আবুল কালাম কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, লতিবাবাদ ইউনিয়নের নামাপাড়া এলাকার মরহুম সৈয়দ আব্দুর রাজ্জাকের ছেলে সৈয়দ মাহবুবুর রহমান পৈতৃক সূত্রে সোলেনামা দলিলমূলে ২৬২ শতাংশ ভূমি ছাড়াও কিশোরগঞ্জ পৌরসভা মৌজার আরএস খতিয়ানে ৩৬৪১, ৩৬৩৮, ৩৬৩৯, ৩৬৪৮, ৩৬৪৭ ও ৩৬৪৬ দাগে মোট ৮৯ শতাংশ জমির মালিক হন।
পরে ২০২৪ সালের জুন মাসে ওই জমির ফিসারি পাঁচ বছরের জন্য আড়াই লাখ টাকায় মো. আবুল কালামকে লিজ দেন মাহবুবুর রহমান। আবুল কালাম সেখানে মাছ চাষ ও মুরগির খামার পরিচালনা করে আসছিলেন।
লিজের দেড় বছরের মাথায় মাহবুবুর রহমান জমি বিক্রির প্রস্তাব দিলে আবুল কালাম রাজি হন। ২০২৬ সালের ২২ জুন ২ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকায় ৪৪৩৭/২০২৬ নম্বর অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে ৮৯ শতাংশ জমি আবুল কালামকে জমির দখল হস্তান্তর করা হয়।
অভিযোগ রয়েছে, এর প্রায় তিন মাস পর ৩১ অক্টোবর মানিক মিয়া স্থানীয় দলবল নিয়ে পুকুরটি দখলের চেষ্টা চালান। মানিক মিয়ার দাবি তিনি ৪৯৬৭/২০২৬ নম্বর একটি সাফ কাওলা দলিলমূলে জমি ক্রয় করে মালিক হয়েছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
আবুল কালামের ছেলে আজিজুল হক জানান, মাহবুবুর রহমানের পিতার জীবদ্দশা থেকেই তাঁরা ওই ফিসারি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। পিতার মৃত্যুর পর মাহবুবুর রহমানের কাছ থেকে নতুন করে পাঁচ বছরের লিজ নেওয়া হয়।
তিনি বলেন, নগদ ২ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকায় তাঁরা পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে জমি নিয়েছেন। কিছুদিন পর মানিক মিয়া দখল চেষ্টা করলে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি তাঁদের দলিলের ১৫ দিন পরের তারিখের একটি দলিল দেখান। এর আইনগত কোনো বৈধতা নেই।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সামাজিক সালিশ হয়েছে এবং আদালতে মামলাও করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, মূল মালিকের জীবদ্দশা থেকেই আবুল কালাম দীর্ঘদিন ফিসারি লিজ নিয়ে চাষ করে আসছেন। মালিকের ছেলেরা এলাকায় থাকেন না, তাই বাবার রেখে যাওয়া সম্পদ বিক্রি করে দিচ্ছেন। মানিকের কাছেও তাঁরা অনেক সম্পদ বিক্রি করেছেন। তবে এই ফিসারি আবুল কালামের কাছে বিক্রি হয়েছে, তা এলাকার সবাই জানে।
তিনি জানান, সামাজিক দরবারে সমাধানের চেষ্টা হলেও মানিক মিয়া আবুল কালামকে টাকা ফেরত নিতে বলছেন।
আরেক বাসিন্দা আব্দুল আলী বলেন, ফিসারিটি লিজে থাকা অবস্থায় আবুল কালামের সঙ্গে কথা না বলে গোপনে কেনার চেষ্টা করা ঠিক হয়নি। তাঁর মতে, কথা বললে ফিসারিটি আগেই বিক্রি হয়েছে কি না, তা জানা যেত। দলবল নিয়ে দখলে যাওয়া কোনোভাবেই সমীচীন নয়।
আবুল কালামের পাওয়ার অব অ্যাটর্নির দলিল লেখক মো. উসমান গনি বলেন, ক্রেতা ও বিক্রেতা উভয়ই তাঁর কাছে আসেন। সাফ কাবলা দলিলের চেয়ে খরচ কম হওয়ায় তাঁরা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি করেন। দাতা সশরীরে উপস্থিত হয়ে সাব-রেজিস্ট্রারের কাছে জবানবন্দি দিয়ে দলিল সম্পাদন করেছেন।
তিনি অভিযোগ করেন, পরবর্তী মাসে তথ্য গোপন করে একই ব্যক্তি ২৬ দশমিক ২৫ শতাংশের আরেকটি সাফ কাবলা দলিল মানিক মিয়াকে করে দেন। উসমান গনির দাবি, এখন সংবাদ সম্মেলন করে মানিক মিয়া যে আগে জমি কেনার কথা বলছেন, তা বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যে।
অন্যদিকে মানিক মিয়ার দলিল লেখক কামরুল ইসলাম বলেন, “আমি একজন লাইসেন্সধারী দলিল লেখক। কোনো জমিতে আগে থেকেই পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া আছে এমনটা জেনেও যদি দলিল সম্পাদন করি, তাহলে তা আমার পেশাগত সুনাম ও দায়িত্বশীলতার ওপর প্রভাব ফেলবে। জেনেশুনে কেন আমি নিজের পায়ে নিজেই কুড়াল মারতে যাব? তবে মাহবুব পক্ষ যা করছে তা সম্পূর্ণ বেআইনি।”
দখলের অভিযোগ প্রসঙ্গে মো. মানিক মিয়া বলেন, ফিসারিটি আবুল কালাম লিজ নিয়ে চাষ করছেন, তা তিনি জানতেন। তবে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নির বিষয়টি তাঁর জানা ছিল না। তাঁর দাবি, ওই খামারে তাঁর ২২ শতাংশ জমি কেনা আছে এবং পাওয়ার অব অ্যাটর্নির আগেই তাঁর দলিল সম্পাদিত হয়েছে।
একই জমি দুজনের কাছে বিক্রির বিষয়ে জানতে চাইলে সৈয়দ মাহবুবুর রহমান ব্যস্ততার কথা জানিয়ে পরে কথা বলবেন বলে জানান। তবে তিনি নিজেও প্রতারণার শিকার হয়েছেন বলে উল্লেখ করে ফোনের সংযোগ কেটে দেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট দেলোয়ার হোসেন বলেন, একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রির অভিযোগ উঠলে সংশ্লিষ্ট দলিলের বৈধতা, নিবন্ধনের তারিখ ও মালিকানা-স্বত্ব যাচাই করা জরুরি। পাওয়ার অব অ্যাটর্নি ও পরবর্তী বিক্রয় দলিলের আইনগত কার্যকারিতা পর্যালোচনা করে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।