আজিমপুরে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।
লালবাগ থানার বরাত দিয়ে মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জাহাঙ্গীর আলম একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
তিনি জানান, গত ১৩ নভেম্বর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন ও তাতে অংশ নেন এই চারজন।
পরদিন ১৪ নভেম্বর আজিমপুরে সোহরাব হোসেন সুমন মিয়ার বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক চলার সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।