ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে জিপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৪, ১৩ নভেম্বর ২০২৬
রাজধানীতে জিপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি

রাজধানীর বিমানবন্দর এলাকায় জিপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থিত স্কলাস্টিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 ‍
নিহতরা হলেন- মোবারক হোসেন রাজু (২৪) ও ফরিদুল ইসলাম সরদার। দুজনই নির্মাণশ্রমিক বলে জানা গেছে।

বিমানবন্দর থানার এসআই মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন দুই ব্যক্তি। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কলাস্টিকা স্কুলের সামনে তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পাজেরো জিপ। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। 

পরে পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত ব্যক্তিদের স্বজনদের বরাত দিয়ে শফিকুল ইসলাম জানান, নিহত দুজনই নির্মাণশ্রমিক। তাদের মধ্যে মোবারক গাজীপুর সদরের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে। ফরিদুল গাইবান্ধা সদরের মো. শহিদুল ইসলাম সরদারের ছেলে। 

তিনি আরও জানান, তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক জিপটি শনাক্তের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!