মহানগর শপিং কমপ্লেক্স দখলের চেষ্টার অভিযোগ, ব্যবসায়ীদের বিক্ষোভ
রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্স সংলগ্ন মহানগর শপিং কমপ্লেক্স মার্কেট (টিনশেড মার্কেট) দখলের চেষ্টার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় চাঁদা দাবি ও দোকান দখলের হুমকির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন মার্কেটের ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টায় মার্কেটের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমানের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের নাম ব্যবহার করে কামাল, গোলাম মাওলা, মোরশেদ, দেলোয়ার হোসেন রিপন ও জাহাঙ্গীর আলমসহ ৪০ থেকে ৫০ জনের একটি দল মার্কেট দখলের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়। এ সময় তারা মার্কেটে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মার্কেটের অফিস দখলের চেষ্টা করে। পাশাপাশি এক কোটি টাকা চাঁদা দাবি ও ২০টি দোকান দখলের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।