ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]

রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা ২০২৬

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৭, ১২ নভেম্বর ২০২৬
রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা ২০২৬
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও কবিতা, ছড়া, ছোটকাগজ, ছোটগল্প, উপন্যাস, অনুবাদ, লোকসাহিত্য ও লোকসংস্কৃতি, শিক্ষা, সামাজিক অবদান, সংগঠন এবং লোকঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ফিরেদেখা পদক’ প্রদান করা হবে

রংপুরে আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা ২০২৬’। সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ছায়াঘেরা অন্নদামোহন হলে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

এতে দেশের আট বিভাগসহ রংপুর অঞ্চলের দুশতাধিক লেখক, কবি, গবেষক, সংস্কৃতিকর্মী এবং ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীসহ বিভিন্ন জেলার প্রায় ২৫টি ছোটকাগজের সম্পাদক ও প্রতিনিধিরা অংশ নেবেন। 

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে রয়েছে উদ্বোধনী পর্ব, সাহিত্য সেমিনার, কথাসাহিত্যে লেখকের দায় নিয়ে প্রবন্ধ উপস্থাপন, কবিতা পাঠ, বই ও লিটলম্যাগ প্রদর্শনী, পদক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজনের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘নগর ভাবনা: রংপুর’ গ্রন্থের প্রচ্ছদ উন্মোচন এবং এ বিষয়ক বিশেষ সেমিনার। এ ছাড়া ‘লিটলম্যাগ, সাহিত্যপত্র ও ওয়েবম্যাগ: কেমন হতে পারে সহাবস্থান?’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও কবিতা, ছড়া, ছোটকাগজ, ছোটগল্প, উপন্যাস, অনুবাদ, লোকসাহিত্য ও লোকসংস্কৃতি, শিক্ষা, সামাজিক অবদান, সংগঠন এবং লোকঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ফিরেদেখা পদক’ প্রদান করা হবে।

আয়োজকদের মতে, দেশের বিভিন্ন প্রান্তের সাহিত্যকর্মীদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সৃজনশীল সম্পর্ক জোরদার করার পাশাপাশি উত্তরাঞ্চলের সাহিত্যচর্চা ও লিটলম্যাগ আন্দোলনকে বেগবান করাই এ উৎসবের মূল উদ্দেশ্য। দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ‘ফিরেদেখা’।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!