ডেইলি বাংলাদেশে খবর প্রকাশের পর কোচ আদিবাসীদের পাশে জেলা প্রশাসক
ডেইলি বাংলাদেশে খবর প্রকাশের পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ভারত সীমান্তঘেঁষা গারো পাহাড়ের ঢালে বসবাসরত কোচ আদিবাসীদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমীন।
গত ৭ নভেম্বর ডেইলি বাংলাদেশে খবর প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পাহাড়ঘেরা ওই গ্রামটিতে কোচ আদিবাসীদের সার্বিক খোঁজখবর নিতে ছুটে যান জেলা প্রশাসক। সেখানে গিয়ে তিনি কোচ আদিবাসীদের দুঃখ র্দুদশার কথা শুনেন।
জেলা প্রশাসকের কাছে ওই গ্রামের বাসিন্দা শ্রী পরিমল কোচ ও শ্রী রমেশ কোচ গ্রামে যাওয়ার রাস্তাটি পাকাকরণের দাবি জানান। একইসাথে ওই গ্রামে একটি ব্রিজ নির্মাণের কথাও উল্লেখ করেন তারা। এসময় জেলা প্রশাসক যতদ্রুত সম্ভব রাস্তা ও ব্রিজ নির্মাণের আশ্বাস দেন। একই দিন তিনি খলচান্দা গ্রামের ৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা, ৫০টি কম্বল ও একটি সেলাই মেশিন বিতরণ করেন। একইসাথে ওই গ্রামের শিক্ষার্থীদের মাঝে খেলাধূলা করার জন্য ২টি ফুটবল বিতরণ করেন। এছাড়া গ্রামের মানুষের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবকদের গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ ও ক্ষদ্র্ ঋন বিতরণের কথাও জানান।
এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুজ্জামান শামীম, ইউপি সদস্য মো. হযরত আলী, আদিবাসী নেত্রী ও সাংবাদিক ক্লোডিয়া নকরেক কেয়া এবং অন্যান্য গণমাধ্যমকর্মীবৃন্দ।