অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন প্রকাশ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে এ পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।
প্রকাশিত সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যান্য বিষয়ের পরীক্ষাও নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। একই তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে।
প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নেওয়া নিষিদ্ধ। তবে অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।