ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কেনাকাটা কমায় ভালো নেই ক্ষুদ্র ব্যবসায়ীরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ১২ নভেম্বর ২০২৬
কেনাকাটা কমায় ভালো নেই ক্ষুদ্র ব্যবসায়ীরা
আখাউড়ায় অলস সময় পার করছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

সকাল থেকে রাত পর্যন্ত খোলা আছে দোকানপাট। দোকানে সাজানো রয়েছে নানা প্রকারের নিত্যপ্রয়োজনীয় পণ্য। কিন্তু নেই ক্রেতাদের আগের মতো আনাগোনা। এরমধ্যে যারা আসছে কেউ পণ্যের দাম জিজ্ঞেস করছেন, কেউ আবার প্রয়োজনীয় জিনিসের অল্প পরিমাণে ক্রয় করছেন। দৈনিক বিক্রি কমে যাওয়ায় দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ও সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা।  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহর ও আশপাশের বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া যায়।

একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, সংসারের বাড়তি খরচের চাপে সাধারণ ক্রেতাদের কেনাকাটার ধরন অনেকটাই বদলে গেছে। বাজারে এসেও অনেকেই তাদের প্রয়োজনের সব পণ্য ক্রয় করতে পারছে না। আর ক্রেতাদের এই সংকোচনের প্রভাব পড়েছে আমাদের উপর। এ অবস্থার ফলে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর হয়ে উঠছে।

তারা আরও জানায়,  সীমিত পুঁজি নিয়ে ব্যবসা পরিচালনা করছি। ব্যবসার আয় দিয়েই চলছে আমাদের সংসার।  কিন্তু পণ্যের দাম বৃদ্ধির ফলে আমাদের বিক্রি ও তুলনামূলকভাবে অর্ধেকের নিচে এসেছে।

এদিকে পৌর শহরের সড়ক বাজার ঘুরে দেখা যায়, দোকানগুলোতে পণ্য থাকলেও অনেক ব্যবসায়ীরা ক্রেতার অপেক্ষায় সময় কাটাচ্ছেন। টুকটাক কিছু বিক্রি হলেও বেশীভাগই অলস সময় পার করছেন।

ক্ষুদ্র ব্যবসায়ী মো: আল-আমিন বলেন, পুঁজির অভাবে কোন মার্কেট কিংবা দোকান নিতে পারেনি। তাই দীর্ঘ দিন ধরে সড়ক বাজার এলাকায় ফুটপাতে বসে তৈরী কাপড় বিক্রি করছি। দোকানে বেশীভাগ মালামাল কম দামের থাকায় নিন্ম আয়ের লোকজন এখান থেকে ক্রয় করছেন। বেশ কিছু দিন ধরে চাহিদানুযায়ী মালামাল সাজিয়ে রাখলেও আগের মতো বিক্রি হচ্ছে না। বর্তমানে এক কঠিন সময় পার করছি। এমন অবস্থা কোন সময় হয়নি। কিন্তু দৈনিক খরচ তো বন্ধ নেই। বিক্রি কমে যাওয়ায় সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখা মুশকিল হবে।

ফল বিক্রেতা বাহার মিয়া বলেন, দোকানে নানা রকমের ফল উঠানো হয়েছে। কিন্তু আগের মতো তেমন বিক্রি হচ্ছে না। ফলের দাম বেড়ে যাওয়ায় বিক্রি অর্ধেকের নিচে এসে গেছে। বেশীভাগ লোকজন প্রয়োজনের চাইতে কম ফল ক্রয় করছেন। সেইসাথে দোকানে নষ্ট হচ্ছে অনেক ফলও। দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ও অন্যান্য খরচ তো বন্ধ নেই। বিক্রি কমে যাওয়ায় সব খরচ মেটানো কঠিন হয়ে পড়ছে।

মো: মহসীন মিয়া বলেন, সড়ক বাজার এলাকায় রাস্তার পাশে বসে  টুপি বিক্রি করছি। এ ব্যবসা ভালই ছিল। কিন্তু গত কয়েক মাস ধরে  তেমন বিক্রি নেই। সকাল থেকে রাত পযর্ন্ত দোকান খোলা থাকলে ও ৫শ ৬শ টাকা বিক্রি করা কঠিন হয়ে যাচ্ছে। তাই এখন জমা টাকা খরচ করছি।
মো: হারুন মিয়া বলেন,  আমাদের ক্রেতা হলো নিন্ম আয়ের লোকজন। আগে সকাল সন্ধ্যা ভালো বিক্রি হতো। মালের চাহিদা থাকায় প্রতি সপ্তাহে হাটে যেতাম। এখন ২০ দিনেও হাটে যাওয়া হয় না। তিনি আরও বলেন ‘আগে বিক্রি থেকে যে টাকা আয় হতো, তা দিয়ে দোকানের খরচ মিটিয়ে নতুন মালামাল তুলতে পারতাম। এখন বিক্রির টাকা দিয়ে খরচ মেটাতেই হিমশিম খেতে হচ্ছে। ব্যবসার পুঁজি ও কমে যাচ্ছে।’

ক্রেতা মো: আব্দুল আওয়াল বলেন, ‘আগে বাজারে এসে পরিবারের প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র কিনতাম। এখন বাজারে গেলে আগে দাম জিজ্ঞেস করি, তারপর হিসাব করি কতটুকু কেনা যাবে। সংসারের খরচ বেড়েছে, কিন্তু আয় তো সেই অনুযায়ী বাড়েনি। সবকিছু কিনতে গেলে মাসের খরচ মেলানো কঠিন হয়ে পড়ে।

ক্রেতা মুর্শিদ মিয়া জানান, আমরা স্বল্প আয়ের মানুষ। বাজারে সব জিনিসের দাম বেড়েছে। ইচ্ছে করলে ও কোন পণ্য পরিমাণে বেশী ক্রয় করা যাচ্ছে না। পরিবারের খরচ সামলাতে গিয়ে বাজারের তালিকা ছোট করতে হয়েছে।

রনি মিয়া আমরা নিন্ম আয়ের মানুষ। আয় রোজগার অনেক কম। নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে আমাদের মতো লোকদের চলা খুবই কষ্ট হচ্ছে। শীত আসতে শুরু করায় ফুটপাত থেকে ছেলের জন্য ১০০ টাকা দিয়ে ফুলহাতা গেঞ্জি ক্রয় করেছি।
ক্রেতা ও ব্যবসায়ীদের মতে, বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, বাজার তদারকি জোরদার এবং সাধারণ মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বাড়ানোর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি ছোট ব্যবসায়ীদের টিকে থাকতে সহায়ক পরিবেশ তৈরি করাও জরুরি।
 

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!