ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

দেশের দারিদ্র্য ও বৈষম্যের জন্য রাজনীতিবিদরাই দায়ী: স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৩, ১২ নভেম্বর ২০২৬
দেশের দারিদ্র্য ও বৈষম্যের জন্য রাজনীতিবিদরাই দায়ী: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)

দেশের বিপুলসংখ্যক মানুষের দারিদ্র্য, বৈষম্য ও বঞ্চনার জন্য রাজনীতিবিদদের দায়ী করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনি বলেছেন, প্রশাসন থেকে শুরু করে সমাজ পরিচালনার প্রতিটি ক্ষেত্রে রাজনীতিবিদদের প্রভাব রয়েছে। তাই আমলাদের দোষারোপ করে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং বিপুলসংখ্যক মানুষের সুবিধাবঞ্চিত জীবনযাপনের জন্য রাজনীতিবিদরাই দায়ী। একসময় আমলারা রাজনীতিবিদদের তুলনায় বেশি ক্ষমতাশালী ছিলেন। বিশেষ করে সত্তর ও আশির দশকে প্রশাসনের কর্মকর্তাদের প্রভাব ছিল বেশি। তবে আশির দশকের পর থেকে রাষ্ট্র ও সমাজ পরিচালনায় রাজনীতিবিদদের প্রভাব ক্রমেই বেড়েছে।

তিনি বলেন, শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা রাষ্ট্রপতিই নন, গ্রামাঞ্চলে রাজনৈতিক দলের সাধারণ কর্মীরাও এখন অনেক ক্ষমতা রাখেন। তাদের মাধ্যমে মানুষের উপকার যেমন হতে পারে, তেমনি ক্ষতিও হতে পারে। রাজনীতি সমাজের সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। তাই রাজনীতিতে পরিবর্তন এলেই দেশের পরিবর্তন সম্ভব।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, নির্বাচিত হওয়ার পর কিংবা দলের গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর অনেক রাজনীতিবিদ নিজেদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই বেশি ব্যস্ত হয়ে পড়েন। সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাদের আগ্রহ ও আন্তরিকতা সব সময় দেখা যায় না। অথচ পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষা করা জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব। যারা ভোট দিয়ে তাদের নির্বাচিত করেন, সেই মানুষের জীবনমান উন্নয়নে রাজনীতিবিদদের সরাসরি ভূমিকা রাখতে হবে।

স্পিকার আরও বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা ও মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছে। দুই বছর আগেও দেশের ভবিষ্যৎ নিয়ে তিনি হতাশ ছিলেন। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টে সাধারণ মানুষের শক্তি ও ঐক্য দেখে বিস্মিত হয়েছেন। শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বও সাধারণ মানুষের আন্দোলনের মুখে টিকে থাকতে পারেনি। রাজনৈতিক দলগুলো এ আন্দোলনের কৃতিত্ব নিতে পারে, কিন্তু সাধারণ মানুষ রাজপথে না নামলে পরিবর্তন সম্ভব হতো না।

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকলে সুবিধাবঞ্চিত মানুষেরও গুরুত্ব তৈরি হয়। বিশেষ করে নির্বাচনের সময় বস্তিবাসী, দরিদ্র ও সাধারণ মানুষের কাছে রাজনৈতিক নেতাদের যেতে হয়। কারণ, তারাও দেশের নাগরিক এবং তাদের ভোটের মূল্য রয়েছে। এভাবে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকলে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, সংসদ সদস্যরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে পারেন। কিন্তু অনেক সময় রাজনৈতিক দলের নেতা অসন্তুষ্ট হবেন কি না, ভোটের ওপর প্রভাব পড়বে কি না কিংবা স্থানীয় প্রভাবশালীরা কী মনে করবেন—এসব চিন্তায় সংসদ সদস্যরা নিজেদের মতামত প্রকাশে সংকোচ বোধ করেন। এ অবস্থা থেকে বেরিয়ে জনগণের স্বার্থে কথা বলতে হবে। বর্তমান সংসদ নির্বাচিত হওয়ায় সংসদ সদস্যদের উচিত জনগণের প্রত্যাশা পূরণে স্বাধীনভাবে দায়িত্ব পালন করা।

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় গঠিত সংসদীয় ককাসের কাজ শুধু দারিদ্র্য ও বৈষম্য নিয়ে আলোচনায় সীমাবদ্ধ রাখা উচিত নয় বলে মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকার কারণে যারা নির্বাচনে অংশ নিতে পারেন না, তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিষয়টিও ককাসের বিবেচনায় নেওয়া প্রয়োজন। সুবিধাবঞ্চিত মানুষের মধ্য থেকেও যোগ্য ব্যক্তিরা যাতে নির্বাচনে প্রার্থী হতে পারেন, সে পরিবেশ তৈরিতে উদ্যোগ নিতে হবে।

সর্বদলীয় ভিত্তিতে ককাস গঠনকে বড় অর্জন উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সুবিধাবঞ্চিত মানুষের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অতীতে রাজনৈতিক কারণে সংসদ সদস্যদের সংসদ বর্জন ও সংসদের কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ ধরনের পরিস্থিতি যেন ককাসের কার্যক্রমে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সদস্যদের সতর্ক থাকতে হবে।

বর্তমান সংসদ সদস্যদের যোগ্যতার বিষয়ে স্পিকার বলেন, এবারের সংসদে আগের তুলনায় অনেক যোগ্য ও দক্ষ সদস্য রয়েছেন। বিশেষ করে নারী সংসদ সদস্যদের বক্তব্য ও অংশগ্রহণ তাঁকে মুগ্ধ করেছে। সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্যরা সংসদে দক্ষতার পরিচয় দিচ্ছেন। নারীদের জন্য সংরক্ষিত আসনের বর্তমান ব্যবস্থা নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে। নারীরা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পুরুষ প্রার্থীদের পরাজিত করে নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখেন। তাই তাদের রাজনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ বাড়াতে হবে।

দুর্নীতিকে দেশের অন্যতম প্রধান সমস্যা উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুর্নীতি প্রতিরোধে সংসদীয় ককাসকে কার্যকর ভূমিকা রাখতে হবে। ককাসের প্রথম দিকের উদ্যোগগুলোর মধ্যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া থাকতে পারে। দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জনগণের সামনে তুলে ধরতে হবে। দায়িত্বশীল ব্যক্তিরা দুর্নীতিতে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এ ক্ষেত্রে পদ-পদবি বিবেচনা না করে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের প্রধান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সূচনা বক্তব্য দেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ ছাড়া সংসদ সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি, অর্থনীতিবিদ, গবেষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!