পে স্কেল নিয়ে স্থানীয় সরকার বিভাগের নতুন সিদ্ধান্ত
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য ২০২৬ সালের জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী নয়, চলতি বছরের ১ জুলাই থেকেই এ সুবিধা কার্যকর করতে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর আওতায় আনার বিষয়ে সরকার সম্মতি দিয়েছে। ফলে সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন ইউনিয়ন পরিষদের এসব কর্মকর্তা।
তবে বেতন নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে অর্থ বিভাগের জারি করা নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে। এ জন্য গত ১৭ সেপ্টেম্বর অর্থ বিভাগ থেকে জারি করা এসআরও যথাযথভাবে অনুসরণের কথা বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’-এর বিধি ৮ অনুযায়ী প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নির্ধারণ করতে হবে। সে অনুযায়ী চলতি বছরের ১ জুলাই থেকে নতুন বেতন স্কেল কার্যকর হবে।
নতুন সিদ্ধান্তের ফলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নির্ধারণে জাতীয় বেতন স্কেল অনুসরণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হলো। এ কাঠামো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনাটি বাস্তবায়নের জন্য দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ ও পরিশোধের কার্যক্রম সম্পন্ন করা হবে।
তবে নির্দেশনায় নতুন বেতন স্কেলে প্রশাসনিক কর্মকর্তাদের নির্দিষ্ট বেতন কত হবে, তা উল্লেখ করা হয়নি। বেতন নির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগের ১৭ সেপ্টেম্বরের এসআরও অনুসরণের বিষয়টিই গুরুত্ব পেয়েছে।