ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

মোবাইল কোর্টে স্বচ্ছতা নিশ্চিতে ছয় নির্দেশনা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৫২, ১২ নভেম্বর ২০২৬
মোবাইল কোর্টে স্বচ্ছতা নিশ্চিতে ছয় নির্দেশনা
ছবি: সংগৃহীত

মোবাইল কোর্টের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন থেকে প্রতিটি অভিযান ভিডিওতে ধারণ করতে হবে। পাশাপাশি জব্দ করা পণ্যের হিসাব সংরক্ষণ, আপিল মামলা পরিচালনায় নির্ধারিত আইনজীবী নিয়োগ এবং জেলা পর্যায়ে মিডিয়া সেল গঠন করতে বলা হয়েছে।

গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়। এর আগে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মোবাইল কোর্টের সক্ষমতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে ছয়টি নির্দেশনা অন্তর্ভুক্ত করে পরিপত্রটি জারি করা হয়।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি অভিযানের ভিডিও ফুটেজ মামলার নম্বর ও তারিখ উল্লেখ করে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি (জে.এম) শাখা এবং সংশ্লিষ্ট সংস্থায় সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ফুটেজের অনুলিপি পাঠাতে হবে জেলা পর্যায়ের মিডিয়া সেলে। কোনো আদেশের বিরুদ্ধে আপিল হলে প্রয়োজন অনুযায়ী আদালতে এসব ভিডিও প্রমাণ হিসেবে দাখিল করা যাবে।

জব্দ করা পণ্য সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিরাপদ স্থান নির্ধারণ করতে হবে। পণ্য বুঝে নেওয়া, তদারকি এবং আদালতের প্রয়োজনে সরবরাহের দায়িত্ব নির্দিষ্ট ব্যক্তিদের ওপর দিতে হবে। প্রতিটি পণ্যের বিবরণ নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। সংশ্লিষ্ট সহকারী কমিশনারের স্বাক্ষরের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মাসে অন্তত একবার সরেজমিনে পণ্যগুলো পরীক্ষা করে সত্যায়ন করতে হবে। দ্রুত নষ্ট হয় এমন পণ্য প্রচলিত নিয়মে নিষ্পত্তি করতে হবে।

আপিলের শুনানিতে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা সরকারি কৌঁসুলি (পিপি), অতিরিক্ত পিপি ও সহকারী পিপিদের (এপিপি) মধ্য থেকে আইনজীবী নির্ধারণ করবেন। তাঁদের নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে। মামলার অগ্রগতি এবং প্রয়োজনীয় নথি সরবরাহের সমন্বয় করবেন দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পুরো প্রক্রিয়া তদারকি করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তার জন্য প্রয়োজনীয় কর্মচারীদের মধ্য থেকে লিখিত আদেশের মাধ্যমে পেশকারের অতিরিক্ত দায়িত্ব দিতে হবে। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে সমন্বয় করে এক মাসের মধ্যে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণপ্রাপ্তদের তালিকাও পাঠাতে হবে।

জনসাধারণকে মোবাইল কোর্টের কার্যক্রম সম্পর্কে তথ্য জানাতে প্রতিটি জেলায় চার সদস্যের মিডিয়া সেল গঠন করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ সেলের নেতৃত্ব দেবেন। জেলা তথ্য অফিস এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে সদস্য হিসেবে থাকবেন।

অভিযানের ছবি, ভিডিও ও তথ্য সংগ্রহ করে সম্পাদনার পর সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশের দায়িত্ব পালন করবে মিডিয়া সেল। প্রয়োজনে এ কাজে কারিগরি সহায়তাও নেওয়া যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!