ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:২৫, ৮ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। চলমান শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি।

এদিকে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। প্রচলিত প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষার পাশাপাশি এবার লিখিত পরীক্ষাও যুক্ত করার প্রস্তাব রয়েছে। তবে বিধিমালা সংশোধনের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, প্রস্তাবিত সিলেবাস অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চারটি বিষয় থাকবে। প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হতে পারে।

প্রস্তাবিত পদ্ধতিতে নিয়োগ পরীক্ষা তিন ধাপে নেওয়ার কথা রয়েছে। প্রথম ধাপে ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় থাকবে এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে। ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর। এ পরীক্ষায় পাস নম্বর প্রস্তাব করা হয়েছে ৪০ শতাংশ।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় ধাপে ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ পরীক্ষার সময় নির্ধারণের প্রস্তাব করা হয়েছে তিন ঘণ্টা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের শেষ ধাপে ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

তবে পরীক্ষা পদ্ধতি, নম্বর বণ্টন ও সিলেবাসের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিধিমালা সংশোধন এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এসব বিষয় চূড়ান্ত করা হবে।

এনটিআরসিএ সূত্র জানায়, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

এবার নিয়োগপ্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শুধু প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের পরিবর্তে সরাসরি শিক্ষক নিয়োগের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কারণে আগের ধারাবাহিকতায় এটি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না হয়ে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে পরিচিত হচ্ছে।

সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। এর প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিরতির পর এবার নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজনের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!