দুই বিষয়ে ফেল করলেও এইচএসসি পাসের সুযোগ
এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২ ডিসেম্বর থেকে বিশেষ এ পরীক্ষা শুরুর প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যও রয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার সম্পূরক পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা জানিয়ে বুধবার (৪ নভেম্বর) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত রাখা হচ্ছে। অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, যেসব শিক্ষার্থী দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তারা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
তবে শুধু ২০২৬ সালের পরীক্ষার্থীরাই নন, ২০২৪ ও ২০২৫ সালে অকৃতকার্য শিক্ষার্থীরাও এ সুযোগ পাবেন। এক্ষেত্রে আগের বছরগুলোতে অকৃতকার্য শিক্ষার্থীদের ২০২৬ সালে পরীক্ষায় অংশ নেওয়া অথবা বৈধ রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক।
অর্থাৎ, নির্ধারিত শর্ত পূরণ করলে পরপর দুই বা তিন বছর অকৃতকার্য শিক্ষার্থীরাও সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষার ফরম পূরণ শুরু করার প্রস্তাব দিয়েছে আন্তশিক্ষা বোর্ড। এ কার্যক্রম ৮ নভেম্বর পর্যন্ত চলতে পারে। এ ছাড়া ১ থেকে ২০ নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানান। শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।