ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো, শিক্ষার্থীদের শিখনঘাটতি দূর করা এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করতে চলমান কার্যক্রম আরও ফলাফলভিত্তিক করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের লক্ষ্য শুধু বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নয়; বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রত্যাশিত শিখনফল অর্জন করা। এ লক্ষ্য বাস্তবায়নে চলমান পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) আরও সুনির্দিষ্ট, যৌক্তিক ও ফলাফলভিত্তিকভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রকল্পের প্রতিটি কার্যক্রমের লক্ষ্য, বাস্তবায়ন কাঠামো ও জবাবদিহিতা স্পষ্ট থাকতে হবে। একই ধরনের কার্যক্রম একাধিক প্রকল্পে বিভক্ত না করে সমন্বিত ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।
ববি হাজ্জাজ আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অভিন্ন মানদণ্ডে মূল্যায়ন ও তদারকি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিয়মিত মূল্যায়ন, পিছিয়ে থাকা শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
এ ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সমন্বয় করে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা ও কার্যকর পদ্ধতি কাজে লাগানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫-এর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি গুণগত মান, সমতা ও শিখনফল উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ শিক্ষকতা পদ্ধতি, শিক্ষার্থীদের শিখনঘাটতি পূরণে প্রতিকারমূলক শিক্ষা এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তারা আরও জানান, আন্তর্জাতিক গবেষণা ও মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নে কার্যকর ও ব্যয়সাশ্রয়ী উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী বিশ্বব্যাংক।
বৈঠকে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. দাউদ মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের পক্ষ থেকেও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠকে অংশ নেন।