শিক্ষার সব স্তরে পৌঁছাবে চীন-বাংলাদেশ সহযোগিতা: শিক্ষামন্ত্রী
চীন-বাংলাদেশ বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে শিক্ষা, প্রযুক্তি ও ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ সহযোগিতা শুধু কূটনৈতিক সম্পর্ক বা চুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার প্রতিটি স্তরে এর সুফল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে স্মার্ট ক্লাসরুম ও চীনা ভাষা শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তি, কম্পিউটার শিক্ষা ও আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। এ কার্যক্রম অভিজাত এলাকার পরিবর্তে সাধারণ মানুষের এলাকায় শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে বাজেট বাড়িয়েছেন। শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও কারিগরি শিক্ষার প্রসারেও কাজ করছে সরকার।
অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং বলেন, দুই দেশের শিক্ষা সহযোগিতার অংশ হিসেবে বিদ্যালয়টিতে হুয়াওয়ের কম্পিউটার দিয়ে দুটি স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে সহায়তা করবে।