ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ
ঢাকা মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে। বাকি ২০ শতাংশ আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এ জন্য ভর্তি কার্যক্রম শুরুর আগেই নিজেদের ক্যাচমেন্ট এলাকার সম্ভাব্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে হবে বিদ্যালয়গুলোকে।
বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালা অনুযায়ী, ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এ কোটা কার্যকর হবে। একই শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রেও ক্যাচমেন্ট এলাকার জন্য নির্ধারিত ৮০ শতাংশ কোটা প্রযোজ্য হবে।
ক্যাচমেন্ট এলাকা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্যবস্থাপনা কমিটির সহায়তা নেবেন। একাধিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা পরস্পরের সঙ্গে যুক্ত হলে সংশ্লিষ্ট থানা-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে বিষয়টি সমন্বয় করতে হবে। এ বিষয়ে কোনো সমাধান না হলে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করা যাবে। জেলা শিক্ষা কর্মকর্তার সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ভর্তি কার্যক্রম শুরুর আগেই বিদ্যালয়গুলোকে নিজেদের ক্যাচমেন্ট এলাকার সম্ভাব্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে হবে। বিশেষ করে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালায় আরও বলা হয়েছে, ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দিন শিক্ষার্থী যে এলাকায় বসবাস করবে, সেটিই তার ক্যাচমেন্ট এলাকা হিসেবে বিবেচিত হবে। ফলে ভর্তির আবেদন করার সময় শিক্ষার্থীর বর্তমান ঠিকানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন এ নির্দেশনার ফলে ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়গুলোতে স্থানীয় শিক্ষার্থীদের জন্য অধিকাংশ আসন সংরক্ষিত থাকবে। পাশাপাশি অবশিষ্ট ২০ শতাংশ আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীদের আবেদনের সুযোগও বহাল রাখা হয়েছে।