এক কণাও সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে যেতে দেবে না ইরান
ইরানের সমৃদ্ধ পারমাণবিক উপাদানের এক কণাও দেশের বাইরে নিতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই। একই সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে দূরবর্তী মার্কিন সামরিক ঘাঁটিতেও পাল্টা আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) লেবাননের ইরানপন্থী টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রেজাই। তিনি জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো আলোচনা চলছে না।
রেজাই বলেন, পারমাণবিক শক্তিচালিত জাহাজ ও সাবমেরিন তৈরির জন্য ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। এ উপাদান দেশের ভেতরেই রাখা হবে এবং নিজেদের প্রয়োজনে ব্যবহার করা হবে। বিষয়টি মস্কোকেও জানানো হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের উদ্বেগ কমাতে সম্ভাব্য কোনো চুক্তির অংশ হিসেবে ইরানের ইউরেনিয়াম দেশটি থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল রাশিয়া। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তেহরানের ওপরই ছেড়ে দেয় মস্কো।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে ইরানের কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। বেসামরিক কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে এ সমৃদ্ধকরণের হার অনেক বেশি। তবে হামলার পর ওই ইউরেনিয়ামের কতটুকু অবশিষ্ট রয়েছে, তা নিশ্চিত নয়।
যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করে আসছে।
ওয়াশিংটন জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যেকোনো প্রাথমিক আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত থাকতে হবে। অন্যদিকে, গত সপ্তাহে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে আলোচনার আগে ইরানের উত্থাপিত সাতটি দাবি পূরণ করতে হবে ওয়াশিংটনকে।