ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

দক্ষিণ কোরিয়ায় বাসের ধাক্কায় ৩২ গাড়ি, আহত ৫৭

ডেইলি বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৩, ১১ নভেম্বর ২০২৬
দক্ষিণ কোরিয়ায় বাসের ধাক্কায় ৩২ গাড়ি, আহত ৫৭
দক্ষিণ কোরিয়ার সিওংনাম শহরে প্রায় ১০টি যানবাহনকে ধাক্কা দেওয়ার পর দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত বাসের ধ্বংসাবশেষ। ১১ নভেম্বর ২০২৬। ছবি: ইয়োনহাপ/রয়টার্স

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ৩২টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৪৮ জন।

বুধবার (১১ নভেম্বর) সকালে দেশটির সিওংনাম শহরের বুন্দাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটের দিকে বাসটি একাধিক যানবাহনকে ধাক্কা দেয়। এ সময় ট্রাফিক সিগন্যালে অপেক্ষমাণ কয়েকটি গাড়িও ধাক্কার শিকার হয়। পরে বাসটি সড়কের মাঝখানের বিভাজক দেয়ালে গিয়ে আছড়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থার তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মোট ৩২টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চারটি বাস, একটি ট্রাক ও ২৭টি ব্যক্তিগত গাড়ি রয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজে ৮৮ জন কর্মী ও ৩৩টি যানবাহন মোতায়েন করে ফায়ার সার্ভিস। আহতদের চিকিৎসা দিতে ঘটনাস্থলে জরুরি চিকিৎসাকেন্দ্রও স্থাপন করা হয়।

দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাসটির সামনের অংশ সড়কের মাঝখানের বিভাজক দেয়ালের ওপর আটকে রয়েছে।

দেশটির সম্প্রচারমাধ্যম কেবিএস জানিয়েছে, দুর্ঘটনায় বাসচালকও আহত হয়েছেন। পরে তাঁকে বাস থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার কারণ জানতে তদন্তের উদ্যোগ নিয়েছে পুলিশ। এ জন্য ক্ষতিগ্রস্ত বাসের ব্ল্যাক বক্সের রেকর্ড এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে দেশটির সম্প্রচারমাধ্যম এসবিএস।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!