ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]
কপ-৩১

সম্মেলনে প্রধানমন্ত্রী, একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা

বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৭, ১১ নভেম্বর ২০২৬
সম্মেলনে প্রধানমন্ত্রী, একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা
তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে তোলা ছবি। ছবি: সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি সেখানে পৌঁছান। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জলবায়ু বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।

প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছানোর পর বিশ্বনেতাদের অংশগ্রহণে শুরু হওয়া উচ্চপর্যায়ের বৈঠক ও আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা ইউএনএফসিসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মেলনস্থলে আগমন এবং সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দ্বিপক্ষীয় বৈঠকের সময় রাখা হয়েছে। দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হবে আনতালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশন। এরপর উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেবেন বিশ্বনেতারা। 

এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর ঐতিহাসিক দায়িত্ব এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়নের প্রয়োজনীয়তা গুরুত্ব পেতে পারে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগে দেওয়া তথ্য অনুযায়ী, সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপপ্রধানমন্ত্রী এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। এসব বৈঠকে জলবায়ু সহযোগিতার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ও আলোচনায় আসতে পারে।

এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হওয়া বৈঠকটি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। 

এবারের কপ-৩১ সম্মেলন ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর আয়োজন করা হয়েছে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন। এবারের আলোচনায় পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, সবুজ শিল্পায়ন, জলবায়ু অর্থায়ন এবং নগরসহনশীলতার মতো বিষয় গুরুত্ব পাচ্ছে। বুধবারের উচ্চপর্যায়ের আলোচনায় পরিচ্ছন্ন জ্বালানি ও বিদ্যুতায়ন এবং সবুজ শিল্পায়নে বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে দুটি বিশেষ সংলাপেরও সূচি রয়েছে। 

এর আগে মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বহনকারী তুর্কি এয়ারলাইনসের উড়োজাহাজটি স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!