কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মাকে হত্যায় আসামির মৃত্যুদণ্ড
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) ও তাঁর মা তাহমিনা বেগম (৫২) হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে (২৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে মোট তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর (সংশোধিত ২০০৩) ৯(২) ধারায় সুমাইয়াকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, তাহমিনা বেগমকে হত্যার দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২ ধারায় মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল হোসেন, নিহতদের পরিবারের সদস্য এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে আরও জানা যায়, মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। প্রায় আড়াই মাসের বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৭ অক্টোবর মামলার যুক্তিতর্ক সম্পন্ন হয়। এরপর ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হলেও সেদিন রায় প্রস্তুত না হওয়ায় ১১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকায় একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ওই বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডের পরপরই সন্দেহভাজন হিসেবে মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরদিন ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। সেখানে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ঝাড়ফুঁক করানোর সূত্র ধরে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাদে হত্যাকাণ্ডের আগে প্রায় এক মাস ধরে ওই বাসায় যাতায়াত ছিল তাঁর। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক জানান, তিনি সুমাইয়াকে ধর্ষণ করেন। বিষয়টি তাঁর মা তাহমিনা বেগম দেখে ফেলায় তাঁকেও হত্যা করেন।
এ হত্যাকাণ্ডের পর থেকেই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে আন্দোলন করে আসছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে বিভিন্ন সময়ে তাঁরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেন।
দীর্ঘ প্রতীক্ষার পর রায় ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত সুমাইয়ার সহপাঠীরা। সহপাঠী মুনিয়া আফরোজ বলেন, ‘ফাঁসির রায় হওয়ায় আমরা অনেক কৃতজ্ঞ। আমরা চাই, যত দ্রুত সম্ভব এ রায় কার্যকর করা হোক। সম্ভব হলে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, যেন ভবিষ্যতে যারা এ ধরনের অপরাধ করতে যাবে, ভয়ে তাদের হাত-পা কাঁপে।’
নিহত সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বলেন, ‘আসামি মোবারক যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সে কারণে আমি আমার মা ও একমাত্র বোনকে হারিয়েছি। তদন্তে একটু বেশি সময় লেগেছে। তবে তদন্ত শেষে বিজ্ঞ আদালত দ্রুতই রায় ঘোষণা করেছেন। আমি চাই, এ রায়ের দ্রুত বাস্তবায়ন হোক।’
আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আয়েশা বলেন, ‘এখানে কোনো প্রত্যক্ষদর্শী নেই। আবার যে ভিডিও ফুটেজের কথা বলা হচ্ছে, সেই ভিডিও ফুটেজেও বিষয়টি ঠিকমতো বলা হয়নি। কিছু বিতর্কের জায়গা থাকলেও আইনগত কারণে আমরা সেসব বিষয়ে এগোতে পারিনি। ডিএনএ পরীক্ষায় কিছু আলামত পাওয়া যাওয়ায় আর পারা যায়নি।’
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদার বলেন, ‘মামলার যুক্তিতর্ক শেষে বিজ্ঞ আদালত আজ রায় ঘোষণা করেছেন। রায়ে সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামিকে মৃত্যুদণ্ড এবং তাঁর মাকে হত্যার দায়েও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আমাদের দাবি, এ রায় যেন দ্রুত কার্যকর করা হয়।’