টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আটক ১; ব্যাগভর্তি বোমা সদৃশ বস্তু উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।পাশাপাশি সেখান থেকে একটি ককটেল বোমা সদৃশ বস্তু ভর্তি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।
এ সময় শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে, টিএসসির সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনে পরিত্যাক্ত অবস্থায় একটি কালো ব্যাগ পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, ব্যাগের ভেতর ককটেল রয়েছে। সেটি শনাক্তের জন্য ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ককটেল বিস্ফোরণের পর একজনকে আটক করা হয়েছে। এছাড়া টিএসসিতে একটি ব্যাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেটির ভেতর ককটেল রয়েছে। ব্যাগটি পরীক্ষার জন্য বোম্ব ডিসপোজাল ইউনটিকে খবর দেওয়া হয়েছে।