ফিরে দেখা
ল্যাম্পপোস্টের হলুদ আলোয়
উপমা আর ভনিতার কারুকাজ খুঁজি না আর।
তার চেয়ে অনেক সহজে দেওয়ালে এঁকে দিই
কোনো এক প্রাচীন বেদনার ইতিহাস।
দিনের শেষে সাইরেনের কর্কশ আওয়াজে
ধূসর সান্ত্বনাদের মুখোশ খুলে পড়ে।
শহরের পিচঢালা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে
হঠাৎ পায়ে এসে লাগে কোনো কিশোরীর
সবুজ মনের নরম ছায়া।
সোডিয়াম আলোর ওই কৃত্রিম দর্শনে
শ্রমজীবী মানুষেরা তাদের বিশ্বাস বুকে নিয়ে
শুয়ে থাকে শিশির ভেজা দুর্বাঘাসে।
আর আমাদের মেকি ও খসড়া ভালোবাসারা
সোদা মাটির তীব্র গন্ধে পুড়ে ছাই করে দেয়
সমস্ত অহংকার আর অন্ধ তেজ।
চোখের সামনে ভেঙে পড়ে মখমলের আভিজাত্য,
আঙ্গিনাগুলো একসময় রূপ নেয় চেনা ধানক্ষেতে।
উঁচু সুরম্য ভবনের কংক্রিট ভেদ করে
মাটির টানে নেমে যায় সংবেদনশীল শেকড়।
তারপর ঘন কুয়াশায় ঢেকে যায় এই যান্ত্রিক নগর,
নগ্ন হয়ে পড়ে সভ্যতার মুখোশ।
তবু অন্ধকারের গভীরে কে যেন ঠিক এঁকে যায়
বিস্তীর্ণ এক সবুজ মাঠ আর ছায়াঘেরা মেঠোপথ—
যেখানে শিকড়ের টানে বারবার ফিরে যেতে ইচ্ছে হয়...
যেখানে ফেরা হয়না কোনোদিন....