থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটে আগুন, নিহত ১১
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে দ্বীপটির পাতং সমুদ্রসৈকতসংলগ্ন একটি বাণিজ্যিক এলাকার ভবনে এ আগুন লাগে।
বার্তা সংস্থা রয়টার্সকে পুলিশ জানিয়েছে, ফুকেটের পশ্চিম উপকূলে পাতং সমুদ্রসৈকতের কাছাকাছি একটি শহুরে এলাকায় যানবাহন ভাড়া দেওয়ার প্রতিষ্ঠানের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন আশপাশের আরও কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
থাই কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই। আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
উল্লেখ্য, মাত্র চার মাস আগেই রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশটিতে আবারও প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।