ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:২৪, ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। ‘দ্য মুসলিম ৫০০ : দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণে ইতিহাসে প্রথমবারের মতো পাঁচজন রাষ্ট্র ও সামরিক নেতাকে যৌথভাবে শীর্ষস্থান দেওয়া হয়েছে।

যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফলে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান বাদ দিয়ে চতুর্থ স্থান থেকে পরবর্তী ক্রম শুরু হয়েছে।

চতুর্থ স্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। পঞ্চম স্থানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ষষ্ঠ স্থানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

শীর্ষ দশে আরও রয়েছেন পাকিস্তানের ইসলামি স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানি (৭), ইয়েমেনের ধর্মীয় নেতা ওমর বিন হাফিজ (৮), আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমদ আল-তাইয়্যেব (৯) এবং মৌরিতানিয়ার ইসলামি চিন্তাবিদ আবদুল্লাহ বিন বাইয়্যাহ (১০)।

১১ থেকে ২৫তম স্থানে রয়েছেন যথাক্রমে আলী আল-সিস্তানি, মোহাম্মদ বিন জায়েদ, আনোয়ার ইব্রাহিম, ষষ্ঠ মোহাম্মদ, সালমান আল-ওদা, প্রাবোও সুবিয়ান্তো, আবদুল-মালিক আল-হুতি, মাহমুদ মাদানি, সোকোটোর সুলতান মুহাম্মাদু সাআদু আবুবকর তৃতীয়, ইব্রাহিম কালিন, ইয়াহিয়া চোলিল স্তাকুফ, আবদেল ফাত্তাহ আল-সিসি, আলী গোমা, হাবিব আলী আল-জিফরি এবং হামজা ইউসুফ।

বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়েছে। এতে ব্যক্তির সামগ্রিক অবদান, সামাজিক সূচক, জনমত ও বিশেষজ্ঞদের মূল্যায়ন গুরুত্ব পেয়েছে। তবে তালিকায় স্থান পাওয়া কারও মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি প্রকাশকদের সমর্থন বোঝায় না। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!