নোয়াখালীতে ‘সবার জন্য বাংলাদেশ’র মতবিনিময় সভা
নোয়াখালীতে সর্বস্তরের নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নোয়াখালী জেলা শহরের রেডক্রিসেন্ট ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের চট্রগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর মাহাবুর আলমের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন সংগঠনের কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী রাকিব আল হাসান লিহী।
এসময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: মাসুদ কাইয়ুম, সৈকত ডিগ্রি কলেজের অধ্যাপক মামুনুর রশিদ, অ্যাডভোকেট আশরাফুল মায়মন, শিল্পী শাহনাজ হাসেম কাজল, শিক্ষক বেলায়েত হোসেন, নোয়াখালী রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আরেফিন শাকিল’সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত থেকে ‘সবার জন্য বাংলাদেশ’ প্লাটফর্মের কার্যক্রমে মত প্রকাশ করেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সবার জন্য। এ দেশে জন্মগ্রহণকারী প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো প্রত্যেক নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার।
তারা বলেন, একটি উগ্রবাদী গোষ্ঠীর কারণে মানুষের বাক্স্বাধীনতা ও মৌলিক অধিকার খর্ব হচ্ছে। অথচ ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের বাক্স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা ও সংগঠন করার অধিকার দেশের সংবিধান এবং আন্তর্জাতিক আইনে স্বীকৃত।
এসব অধিকার প্রতিষ্ঠা এবং উগ্রবাদমুক্ত, সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্য নিয়ে ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম এগিয়ে নিতে উপস্থিত সবার সার্বিক সহযোগিতা কামনা করেন বক্তারা।
সভায় অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে উগ্রবাদমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।