ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

খলনায়ক চরিত্রে দর্শকের মনে অমলিন রাজীব

আজ ২২তম মৃত্যুবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৮, ১৪ নভেম্বর ২০২৬
খলনায়ক চরিত্রে দর্শকের মনে অমলিন রাজীব
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেওয়া অভিনেতাদের একজন ওয়াসিমুল বারী রাজীব। গম্ভীর কণ্ঠ, তীক্ষ্ণ সংলাপ আর পর্দায় ভয়ংকর উপস্থিতির মাধ্যমে তিনি তৈরি করেছিলেন স্বতন্ত্র পরিচিতি। তবে নেতিবাচক চরিত্রের পাশাপাশি ইতিবাচক ও নানা ধরনের চরিত্রেও অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন এই অভিনেতা।

আজ ১৪ নভেম্বর শক্তিমান এই অভিনেতার ২২তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের এই দিনে ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে মারা যান তিনি।

১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীর দুমকিতে জন্মগ্রহণ করেন রাজীব। চলচ্চিত্রে তার অভিষেক হয় নায়ক হিসেবে। তার প্রথম সিনেমা ছিল ‘খোকন সোনা’। পরে অভিনয়গুণে ধীরে ধীরে ঢাকাই চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন। কাজ করেছেন দেশের একাধিক গুণী নির্মাতার সঙ্গে।

রাজীবের অভিনয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল সংলাপ বলার নিজস্ব ধরন। অনেক সময় তার সংলাপ দর্শকের মনে সিনেমার গল্পের বাইরেও আলাদা জায়গা করে নিত। এর উল্লেখযোগ্য উদাহরণ ‘দাঙ্গা’ সিনেমার ‘আমি মাইন্ড করলাম’ সংলাপ। সিনেমাটি মুক্তির বহু বছর পরও সংলাপটি চলচ্চিত্রপ্রেমীদের মুখে মুখে ফেরে।

অভিনয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন রাজীব। ‘হীরামতি’, ‘দাঙ্গা’, ‘বিদ্রোহ চারিদিকে’ ও ‘সাহসী মানুষ চাই’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেতা ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের চরিত্রেই নিজের দক্ষতা তুলে ধরেছেন।

রাজীব অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ভাত দে’, ‘ত্রাস’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘শেষ খেলা’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘প্রেম দিওয়ানা’, ‘অন্তরে অন্তরে’, ‘বাবার আদেশ’, ‘দেনমোহর’, ‘শেষ সংগ্রাম’, ‘আন্দোলন’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘দুর্জয়’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘খলনায়ক’, ‘প্রেম পিয়াসী’, ‘লুটতরাজ’, ‘বুকের ভেতর আগুন’, ‘ক্ষুধার জ্বালা’, ‘অনন্ত ভালোবাসা’, ‘স্বপ্নের বাসর’ ও ‘ও প্রিয়া তুমি কোথায়’।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন রাজীব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। পরবর্তী সময়ে সংগঠনটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বও পালন করেন।

মৃত্যুর পর ঢাকার উত্তরায় সমাহিত করা হয় এই অভিনেতাকে। দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তার অভিনীত চরিত্র, সংলাপ ও পর্দার উপস্থিতি এখনো দর্শকের স্মৃতিতে জায়গা ধরে রেখেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!