ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

স্বাস্থ্য কর্মীদের ৮০ শতাংশ হবেন নারী: জুবাইদা রহমান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:২৪, ১৪ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য কর্মীদের ৮০ শতাংশ হবেন নারী: জুবাইদা রহমান
সংগৃহীত ছবি

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এসব স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই নারী বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক জুবাইদা রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতে অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক কার্যক্রম যথাযথ গুরুত্ব পায়নি। এর ফলে দেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব। এই পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকার রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, ‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। তারা রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করবেন।’

জুবাইদা রহমান আরও বলেন, রোগ প্রতিরোধের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা ও জ্ঞান ছড়িয়ে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং আস্থা তৈরি করা জরুরি। গত ১২ বছর ধরে আইদেশি এ কাজই করে আসছে।

তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, কাজের ধীরগতির কারণে তারা হতাশ হতে পারেন। তবে তাদের মনে রাখতে হবে, নিজেদের গবেষণা ও কাজের মাধ্যমে অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করার সুযোগ তৈরি হচ্ছে।

এ সময় আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের আন্তরিক প্রশংসা ও অভিনন্দন জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!