শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ কথা জানিয়েছেন।
আজ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সব মানবতাবিরোধী অপরাধের বিচার আমরা করব। আমরা সে পথ ধরে হেঁটে যাচ্ছি।’
আওয়ামী লীগ দল হিসেবে বিচারের মুখোমুখি হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকবে, স্বাধীন তদন্ত দল ও প্রসিকিউশন যেভাবে এগিয়ে যাবেন, সেখানে আমরা হস্তক্ষেপ করব না। তারা যখন প্রয়োজন মনে করবেন, পদক্ষেপ নেবেন।’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করার ছিল, তা আমরা করে রেখেছি। এখন তারা কী করবেন, সেটি তাদের বিষয়।’
দেশে ফেরার পর শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে যখন ফেরত আনা হবে, সেটি একটি আইনি প্রক্রিয়া।’
আপিলের মাধ্যমে বিচারপ্রক্রিয়া বিলম্বিত করার সুযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিশেষ আইনে এ ধরনের সুযোগ নেই। এ সময় সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ নম্বর দফার উল্লেখ করে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। এটি তাদেরই করা আইন বলেও মন্তব্য করেন তিনি।