ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

কোণঠাসা শাহরুখ গৌরী খানের কঠোর নিয়মে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৩, ১৪ নভেম্বর ২০২৬
কোণঠাসা শাহরুখ গৌরী খানের কঠোর নিয়মে
ছবি: সংগৃহীত

কিং খানখ্যাত শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের কঠোর নিয়মে নিজের বাড়িতে কোনো কথাই চলে না। এমনকি বাড়ির ওয়াইফাই, সাজসজ্জা কিংবা খাবার নিয়েও অভিযোগ করার সুযোগ নেই তার। দুবাইয়ে একটি অনুষ্ঠানে সংসারের এমন মজার গল্প শুনিয়ে অতিথিদের হাসিতে মাতান বলিউড বাদশাহ।

সম্প্রতি দুবাইয়ের মেরিটাইম সিটিতে ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ডানিউব’ নামের একটি বিলাসবহুল আবাসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন শাহরুখ। প্রকল্পটিতে গৌরী খানের নকশা করা বিলাসবহুল পেন্টহাউসও রয়েছে। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর।

মঞ্চে আড্ডার একপর্যায়ে করণ শাহরুখকে প্রশ্ন করেন, নিজের বাড়িতে এমন কী কাজ রয়েছে, যা করার অনুমতি তিনি পান না? উত্তরে মজা করে শাহরুখ বলেন, বাড়ির ভেতরে ঢুকলে তার নিজের কিংবা সন্তান আরিয়ান ও সুহানার কোনো কথাই চলে না।

শাহরুখ বলেন, তাদের বাড়িতে গৌরীর সাজসজ্জা নিয়ে কোনো মন্তব্য করা যায় না। এমনকি ওয়াইফাই নিয়ে অভিযোগ করা কিংবা বিছানায় বসে খাবার খাওয়ারও অনুমতি নেই। বাড়ির দেয়ালের রং, ছবি, সিঁড়ি, লিফট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা নিয়েও কিছু বলার সুযোগ নেই।

অভিনেতার ভাষায়, বাড়িতে সবাইকে চুপচাপ বসে থাকতে হয়। শুধু বলতে হয়, ‘গৌরী, তুমি কী সুন্দর বাড়ি বানিয়েছ!’ দুবাইয়ের নতুন পেন্টহাউসে গেলেও তাকে একই কথা বলতে হবে বলে রসিকতা করেন শাহরুখ। তিনি আরও বলেন, বাড়ির বাইরে থাকলে তিনি, আরিয়ান ও সুহানা বেশ আনন্দ করেন। কিন্তু বাড়িতে ঢুকলেই যেন তাদের কিছু করার থাকে না।

এরপর করণ জোহর জানতে চান, ব্যবসা, বক্স অফিস নাকি স্ত্রী, কাকে বেশি ভয় পান শাহরুখ? প্রশ্নের জবাবে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর সংলাপ শোনান অভিনেতা। মাইক্রোফোন হাতে নিয়ে গর্জন করে বলেন, ‘হাজার মুলকো মে বদনাম, অউর দুনিয়া নে দিয়া এক হি নাম। অউর ও পতা হ্যায় কিউ? কিউঁকি ম্যায় ডর নহি, দেহশত হুঁ।’

অর্থাৎ, হাজার দেশে বদনাম হলেও পৃথিবী তাকে একটি নামেই চেনে। আর সেই নামের কারণ, তিনি ভয় নন, আতঙ্ক। অনুষ্ঠানে শাহরুখের উপস্থিতিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভক্তরা। মঞ্চে করণ জোহর তাকে ‘কিং খান’ বলে পরিচয় করিয়ে দেন। এ সময় ‘কিং’ সিনেমার ‘তু মিল জায়ে’ গানে তাৎক্ষণিক নাচেও অংশ নেন অভিনেতা।

অনুষ্ঠানের আরেকটি পর্বে আবাসন প্রকল্পের অংশীদারের সঙ্গে মজার কথোপকথনে অংশ নেন শাহরুখ। মাইক্রোফোন চাওয়া হলে সেটি এগিয়ে দিয়ে বলেন, ‘আপ ঘর বানাতে রহিয়ে, মাইক হাম দিতে রহেঙ্গে।’ অর্থাৎ, আপনারা বাড়ি তৈরি করতে থাকুন, মাইক্রোফোন আমরা দিয়ে যাব।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!