ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মারা গেলেন ‘গাছ’ ব্যান্ডের শেখ সাহেদ আলী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩০, ১৩ নভেম্বর ২০২৬
মারা গেলেন ‘গাছ’ ব্যান্ডের শেখ সাহেদ আলী
ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী ও ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার ভাতিজা সাকির হাসান জামী গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ অক্টোবর থেকে শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সাহেদ আলী।

স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা ও ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করে আসছিলেন শেখ সাহেদ আলী। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন তিনি। তার প্রতিষ্ঠিত ‘গাছ’ ব্যান্ডের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পান এই শিল্পী।

তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। ১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’। পরবর্তী সময়ে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।

দীর্ঘ ১১ বছরের সাধনায় তৈরি ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতিও নিয়েছিলেন সাহেদ আলী। গত ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনা ছিল তার। কিন্তু অসুস্থতার কারণে সেই আয়োজন আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!