সারারাত জেগে ছেলের লাশ পাহারায় মা
যেখানে মৃত্যু মানেই এক আতঙ্ক আর ভয়, সেখানে ঘরের মেঝেতে একই বিছানায় শুয়ে মৃত ছেলের লাশ পাহারা দিলেন রওশনা বেগম নামে এক গর্ভধারিণী এক মা ৷ মায়ের এমন নিঃশব্দ ভালোবাসা আর বুকভাঙা শোকের দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা।
সন্তান হারানোর শোক যে কতটা গভীর, এই দৃশ্যই আবারও মনে করিয়ে দিল সন্তানের প্রতি মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের বাথান বাড়ি এলাকায়।
প্রতিবেশীরা জানান, ওই এলাকার আব্দুল্লাহ বাবুর্চীর ছেলে আলম বাবুর্চী (৩০) গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান। বৃহস্পতিবার রাতে তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছায় ৷ শুক্রবার সকালে তার দাফনের সিন্ধান্ত নেয় পরিবার ৷ রাত যখন গভীর হয় তখন লাশের কাছ থেকে একে একে সবাই চলে গেলেও মৃত ছেলের কাছ থেকে চুল পরিমাণও সরেননি তার মা রওশনা বেগম ৷ একই বিছানায় ছেলের লাশের পাশে শুয়ে থাকেন তিনি৷ মৃত্যুর পরও ছেলের পাশে শুয়ে পাহারা দেয়ার ঘটনা দাগ কেটেছে স্থানীয়দের মনে।
মা এমন একজন মানুষ, যিনি সন্তানের সামান্য অসুখে রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দেন, অথচ নিজের কষ্টের কথা কাউকে বুঝতে দেন না। রোদের তাপে নিজে পুড়ে সন্তানকে শীতল ছায়া দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কেবল মায়েরই আছে।
এজন্যই হয়তো কবি বলেছেন;
‘যেখানেতে দেখি যাহা
মা-এর মতন আহা
একটি কথায় এত সুধা মেশা নাই,
মায়ের মতন এত
আদর সোহাগ সে তো
আর কোনোখানে কেহ পাইবে না ভাই!’
কোলে পিঠে করে বড় করা ছেলের মৃত্যুর পরও তার পাশে শুয়ে পাহারা দেয়া আবারো প্রমাণ করে এই পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ নাই ৷ যার ভালোবাসার সাথে কোন কিছুর তুলনা হয়না ৷