বোরহানউদ্দিনের মঠখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান কর্মসূচি। পর্যাপ্ত জায়গা না থাকায় এক বেঞ্চে চারজন করে বসতে হচ্ছে শিক্ষার্থীদের। বিদ্যালয়টি সাইক্লোন শেল্টার হওয়ায় নিচ তলার ফাঁকা স্থানে টিন দিয়ে আলাদাভাবে রুম তৈরি করেও স্থান সংকুলান না হওয়ায় অনেককে বারান্দায় বসিয়ে পাঠদান করানো হচ্ছে। এমন চিত্র দেখা যায় উপজেলার ৪৩ নং মঠখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের মনিরাম বাজারসংলগ্ন বিদ্যালয়টি ১৯৪১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ৪৫৮ জনের বেশি শিক্ষার্থী থাকলেও শিক্ষক রয়েছেন মাত্র ৮ জন। ফলে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের অসামঞ্জস্যতায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম। রয়েছে শ্রেণিকক্ষ ও স্বাস্থ্যসম্মত টয়লেটের সংকটও।
সরেজমিনে দেখা যায়, শ্রেণিকক্ষে জায়গার অভাবে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হচ্ছে। শিক্ষার্থী বেশি হওয়ায় নিচ তলার ফাঁকা স্থানে টিন দিয়ে আলাদাভাবে রুম তৈরি করলেও পর্যাপ্ত স্থান সংকুলান হচ্ছে না তাই বারান্দায় বসে পাঠ নিতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। এতে মানসম্মত শিক্ষার না পাওয়ার পাশাপাশি বাড়ছে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি। স্থান সংকুলান না হওয়া ও অতিরিক্ত শিক্ষার্থী থাকায় হিমশিম খাচ্ছে শিক্ষকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, বিদ্যালয়ের শিক্ষার মান ও ভালো ফলাফলের কারণে অভিভাবকদের মধ্যে ভর্তির আগ্রহ বেশি। আমাদের প্রতিষ্ঠানে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৪৫৮ জনের বেশি এর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র ৮ জন। যেখানে শিক্ষার্থীর হারে ১১ জন শিক্ষক পাওয়ার কথা। কিন্তু শিক্ষক ও শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদা করে সময় দেওয়ার সুযোগ হচ্ছে না। তিনি আরো জানান, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় তার জন্য বরাদ্দকৃত রুমটিও আমি শিক্ষার্থীদের জন্য ছেড়ে দিয়েছেন।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত নতুন একাডেমিক ভবন নির্মাণ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, স্বাস্থ্যসম্মত টয়লেট এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। তারা আরো বলেন, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে বিদ্যালয়টির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আরও ব্যাহত হবে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেদী মাসুদ বলেন, উপজেলা পর্যায়ে বিদ্যালয়টির শিক্ষার মান ও ফলাফল অন্যদের তুলনায় ভালো হওয়ায় এখানে শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি। তাই প্রতিষ্ঠানটিতে শিক্ষক ও পর্যাপ্ত স্থান সংকুলান দেখা দিয়েছে। ইতিমধ্যে আমরা নতুন ভবন ও শিক্ষক বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছি। আশা করি কিছু দিনের মধ্যেই আমরা নতুন ভবন বরাদ্দ পাবো।