স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমান চলাচল
বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল উড়োজাহাজের উড্ডয়ন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বাতিল করা হয় এক হাজারের বেশি ফ্লাইট এবং বিলম্বিত হয় প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থায় বিভ্রাট দেখা দেওয়ার পর স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার দিকে দেশটির সব বিমানবন্দরে উড্ডয়ন স্থগিতের নির্দেশ দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। পরে রাত ৮টা ১৫ মিনিটে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
মার্কিন পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়া এবং পুরোনো নেটওয়ার্ক রাউটারে অতিরিক্ত ডেটার চাপ তৈরি হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর দেশটিতে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এ বিভ্রাটের কারণে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে হয়। আকাশে থাকা উড়োজাহাজগুলোকে অবতরণের অনুমতি দেওয়া হলেও মাটিতে থাকা কোনো বিমানকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়নি। এর প্রভাব যুক্তরাষ্ট্রের বাইরেও ছড়িয়ে পড়ে। কানাডা ও ইউরোপের বিভিন্ন রুটেও ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে।
এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এ ঘটনার পেছনে সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত কোনো বিদ্বেষপূর্ণ হামলার প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটিকে টেলিযোগাযোগ ব্যবস্থার বিভ্রাট বলে মনে করা হচ্ছে। বিষয়টি প্রেসিডেন্টকে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জনসাধারণের আতঙ্কিত হওয়ার কারণ নেই। এটি কোনোভাবেই ১১ সেপ্টেম্বরের ঘটনার মতো নয়।
বিভ্রাটের সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাসহ সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় রয়েছে। পুরোনো প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থার ত্রুটি এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সংকটের কারণে এ ব্যবস্থার ওপর চাপ বাড়ছে।
এফএএর এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তির বড় একটি অংশ কয়েক দশক পুরোনো। গত সপ্তাহে সংস্থাটি জানায়, ২০২৮ সালের শেষ নাগাদ দেশজুড়ে ৪০০টির বেশি কেন্দ্রে আবহাওয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহে ব্যবহৃত ফ্লপি ডিস্কের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করা হবে।
শুক্রবার ফ্লাইট স্থগিতের নির্দেশের পর বোস্টন থেকে সিয়াটল এবং নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন রুটের বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। ডিপারচার বোর্ডে একের পর এক ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘোষণা দেওয়া হয়। অনেক উড়োজাহাজকে গেটের কাছেই অপেক্ষা করতে দেখা যায়।
এ পরিস্থিতিতে নিউয়ার্ক থেকে লন্ডনগামী একটি ফ্লাইটের অপেক্ষায় থাকা ৪৭ বছর বয়সী লুইস মাহের হতাশা প্রকাশ করেন। তিনি জানান, পরিস্থিতির কারণে যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও তখনো ভ্রমণের আশা ছাড়েননি।
বিমানবন্দরের গেটগুলো আগে থেকেই পূর্ণ থাকায় অবতরণ করা অনেক উড়োজাহাজকে ট্যাক্সিওয়েতেও অপেক্ষা করতে হয়।
সূত্র: রয়টার্স